গলি থেকে গলা কাটা শব্দ ভেসে আসে,
স্বাধীনতা বিক্রি হচ্ছে কেজি দরে!
পলিথিনে মোড়া মেয়াদোত্তীর্ণ মুক্তি।
ফুটপাথে ঘুমিয়ে পড়া মানুষের স্বপ্নে
পায়ে দেয় চকচকে জুতো,
একটা নতুন ঘোষণা শোনা যাচ্ছে,
নতুন দল এসেছে, নতুন দেশ হবে
ব্যানারের গায়ে যে মুখটা হাসছে,
সেই তো গত সপ্তাহে উজাড় করেছিলো মানুষ।
এখন সে মাটির পেয়ালায় দুধ খায়,
আর বলে,
এই দেশ আমার মা!
রাতের ট্রাফিক পোস্টে দাঁড়িয়ে থাকা
মেয়েটার চোখে কাজল ছিলো না,
ছিল প্রতিবাদ।
সেই চোখ আজ ছিন্নভিন্ন,
কিন্তু তার কপালে লেখা পুরোনো স্লোগান,
এই দেশ আমার মা!
এই শহর,
নির্মাণাধীন এক শবের মাঠ,
এখানে আমরা মানুষ নই।
আমরা কেবল পেটের অধিকার দাও বলে চিৎকার করি।
আমরা যারা এখনো চিৎকার করি
যাত্রীছাউনির পাশে দাঁড়িয়ে,
আমাদের জিহবা ঘষে দেয় যারা ফুটপাতে,
তারা বলে,
কোথায় তোদের কবি? কোথায় সে শুয়োরের বাচ্চা?
আমাদের জিহবা খসে গেছে।
আমরা কিছুই বলতে পারি না।
গত সপ্তাহে মানুষ খুন করা নেতা এখন ভাষণ দিচ্ছে,
আমি আপনাদেরই সন্তান।
এই দেশ আমারও মা।
আমরা তাকে দেখে মনে মনে বলি,
আমরা সব শুয়োরের বাচ্চা, এই নেতাও শুয়োর।
(কবিতাটি আমার লেখা নিষিদ্ধ হয়েছিল আমার বন্ধু নামক কাব্যগ্রন্থ থেকে নেয়া)