ফিলিস্তিনপন্থী গ্রুপ 'প্যালেস্টাইন অ্যাকশন' এর প্রতি তার সমর্থনের কারণে ব্রিটেনে আর বই বিক্রি করতে পারবেন না জনপ্রিয় আইরিশ লেখক স্যালি রুনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্যালি রুনি জানিয়েছেন, 'প্যালেস্টাইন অ্যাকশন' এর প্রতি সমর্থন জানানোয় তাকে ব্রিটেনের বাজারে ব্রিক্রির জন্য রাখা তার বইগুলো প্রত্যাহার করে নিতে বাধ্য করা হচ্ছে।
এক বিবৃতিতে ৩৫ বছর বয়সী এই লেখক বলেছেন, ২০২৫ সালের জুলাই মাসে ফিলিস্তিনপন্থী গ্রুপ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ কে ব্রিটেনে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যেহেতু এই গোষ্ঠীটি আয়ারল্যান্ডে আইনত নিষিদ্ধ নয়, তাই আমি এদের প্রতি আমার সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি আমার বইয়ের রয়্যালটির অর্থও তাদের জন্য ব্যয় করার ঘোষণা দিয়েছিলাম।
তিনি আরও বলেন, এখন ব্রিটেনে আমার লেখা প্রকাশের চুক্তিগুলো কার্যকর রাখা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তাই বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর এবং আমার পূর্ণ সম্মতিক্রমে আমার প্রকাশক 'ফ্যাবার' সিদ্ধান্ত নিয়েছে যে, তারা আর যুক্তরাজ্যে আমার লেখা সরবরাহ করতে পারবে না।
২০২০ সালে প্রতিষ্ঠিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কাজ করে থাকে। ব্রিটেনভিত্তিক এই সংগঠনটি গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপক নিন্দা জানিয়েছে। ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোতে এই সংগঠনের সঙ্গে সম্পর্কিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার দায়ে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
এই গোষ্ঠীর প্রতি সমর্থনের কারণে গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় রুনি গত বছর ‘স্কাই আর্টস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে ব্রিটেনে যেতে পারেননি। প্রসঙ্গত, রুনি তার চতুর্থ উপন্যাস 'ইন্টারমেজো' এর জন্য ২০২৫ সালে এ পুরস্কারটি জিতেছিলেন। সেপ্টেম্বরে লন্ডনের রাউন্ডহাউস থিয়েটারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কিন্তু গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তার প্রকাশক অ্যালেক্স বোলার তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।
এদিকে প্রকাশনা সংস্থা ফ্যাবার এক বিবৃতিতে বলেছে, ব্রিটেনের আইন এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলে ফ্যাবার স্যালি রুনিকে তার কাজের জন্য অর্জিত আয় পৌঁছে দিতে পারছে না। একজন লেখকের বই বিক্রি করে সেই অর্থ তাকে প্রদান করতে না পারা একজন প্রকাশকের জন্য অত্যন্ত অগ্রহণযোগ্য একটি পরিস্থিতি। ফলে স্যালির পূর্ণ সম্মতির ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্যে তার কোনো বই আর কোনো ফরম্যাটেই সরবরাহ করা হবে না। তবে আমরা তার অসাধারণ সব সাহিত্যকর্মের প্রকাশক হিসেবে গর্বিত এবং অন্যান্য অঞ্চলে তার বই বিক্রি অব্যাহত রাখব।
উল্লেখ্য, স্যালি রুনি আয়ারল্যান্ডের জনপ্রিয় লেখকদের একজন। এ পর্যন্ত তার ৪টি উপন্যাস প্রকাশিত হয়েছে। তার 'কনভারসেশনস উইথ ফ্রেন্ডস', ' নরমাল পিপল', 'বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়ার আর ইউ' এবং 'ইন্টারমেজো' উপন্যাসগুলো সমালোচকদের প্রশংসা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক সফলতাও পেয়েছে। তাকে শীর্ষস্থানীয় মিলেনিয়াল লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়।