Poetry

মাটির ভেতর

October 17, 2026

19 views

মাটির গা ঘেঁষে বসে থাকি, মাথার ভেতর ভাবনার পাঁকে
পৌষের ভোরে কুয়াশার স্বরলিপি।
মাটির গায়ে দাগ কেটে লেখা অতীতের গল্প।
একটু নিচে, অথবা বহু নিচে
হাড়গোড়ের পাশে সতেজ এখনো মায়ের শাড়ির আঁচল,
লাল সুতোর বুননে শৈশবের ঘ্রাণে এখনও বেঁচে
আছে নির্জন দুপুরের ডাক।
তুমি শুনতে পাও না?
কিন্তু আমি জানি, মাটির মুখ আছে,
স্মৃতিদের হাড় মাংসও থাকে।
যে গাছের ছায়ায় আমি বসতাম,
সেই ছায়াও এখন ধুলো হয়ে মিশে গেছে মাটির সাথে।
তবু হঠাৎ করেই,
মাটি ফুঁড়ে একদিন এক অদৃশ্য বাক্য মাথা তুলে আমায় বলেছে,
তুমি এখনও ধার করে বাঁচছো। বাঁচতেই শিখলে না আজও!
তখন বাতাস থেমে যায়।
নুয়ে পড়ে শব্দেরা, যেমন নুয়ে পড়ে গীর্জার ঘণ্টা
সেই এরোনিক প্রার্থনার ভারে।
প্রভু তোমাকে আশীর্বাদ করুন এবং তোমার রক্ষা করুন।
এ মাটি মৃত নয়,
এ মাটি এক দীর্ঘ জীবন্ত বাক্য।
যার প্রতিটি অক্ষর আমাদেরই মুখাবয়ব।
তাতে রক্ত নেই, তবে দহন আছে।
তার কান্না নেই, তবু সেখানে উপচে পড়ে অশ্রু।
মাটির ভেতর কথা থাকে।
সে কথা কেউ শোনেনি, কেবল
একাকী পায়ে হেঁটে যাওয়া মানুষেরা মাঝে মধ্যে
দাঁড়িয়ে মাথা নুয়ে মাটির দিকে তাকিয়ে থাকে।
মানুষ তাই একা হাঁটতে ভয় পায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login