গল্পের ছলে বলেছিলাম কবে- ভালবাসি
তুই আড় চোখে তাকাতেই
চায়ের কাপ রেখে উঠে দাঁড়িয়ে বলেছিলাম- আজ আসি
সেই থেকে পালাতে পালাতে আমি না হতে পেরেছি প্রেমিক; না হতে পেরেছি স্পর্ধা। তুই কেবল আমার ঢোক গেলার সাথী। এই জীবন তো কেটেই গেলো তোকে স্বপ্ন সাজিয়ে ঢোক গিলে। গল্পের ছলে বলা কথাটা- গল্প ছাড়া আর বলা হলো না। তুই হয়তো বুঝেছিলি। তাই সেই কথা যেন আর কখনো তুলতে না পারি তার জন্য তোর চারিদিকে আস্তে আস্তে দেয়াল গড়তে থাকলি। আমিও সেই দেয়ালের চারদিকে ঘুরতে ঘুরতে তোর সীমানাটা মেনে নিলাম।
সেই থেকে রোজ
নেয়া হয়নি খোঁজ
জানতে চাইনি আর কখনো কেমন আছিস
যদি আমার জানতে ইচ্ছে হয়- ভালবাসিস
আমি কাউকে ভালবাসি। আর সে আমাকে ভালবাসে না। এই সহজ কথাটা আমার মনে এলেও আমি তা মানতে চাই না কিংবা কথাটার মুখোমুখি হতে চাই না। সে আমায় ভালবাসে না আমি জানি। কিন্তু এটা আমি জানতে চাই না। সে আমায় ভালো না বাসুক। আমি যে বাসি। এই ভালোটা অন্তত নিজের মতো করে বেসে যেতে চাই। সব উত্তরের আগে একটা প্রশ্ন থাকলেও সব প্রশ্নের পরে উত্তর হয় না। আমি নাহয় প্রশ্নেই থেকে গেলাম। উত্তরটা সীমানার ওপাড়েই থাকুক।
পালিয়ে যাবার নামতা ভুলে
আড় চোখে তাকানো সেই চোখের কোণে
আমি আটকে রই সারাবেলা
জানি না মানুষ কেন কাউকে পাবেনা জেনেও তাকে পাওয়ার লোভ করে। সেই মানুষকে নিজের ভাবতে ভালবাসে। ভাবনার মতো করে বাস্তবেও তাকে প্রার্থনা করে। এটাই কি ভালবাসা? নাকি এটা ভালবাসার সেই অধ্যায়; যেই অধ্যায়ে অনেক অনেক শূন্যের পরে একটা এক বসে। সেই একের জন্য অপেক্ষায় বুকের হাড়পাঁজর ক্ষয়ে ক্ষয়ে; হৃৎপিণ্ড প্রাচীন কবরের মতো একদিন ভেঙ্গে পরে মৃত্যু নামক শেষ শব্দে। কিছু ভালবাসা অপেক্ষায় থাকে একটা ঘরে দু'জন মিলে ঠোঁটের নামতা পড়ার। আর কিছু ভালবাসার অপেক্ষা হয়তো থাকে মৃত্যু শব্দটা দিয়ে ভালবাসার ইতি টানার।
কিন্তু আমি তো প্রেমিক হতে চেয়েছিলাম। মৃত নয়। ভালবাসা কখনো সখনো কিছু মানুষকে মৃত্যুর আগেই মৃত করে ফেলে। আমি জানি না কার মৃত্যু হয়েছে। আমার? ভালবাসার? নাকি আমার হৃৎপিণ্ড আগলে রাখা সেই মানুষ নামক স্বপ্নটার?
শূন্যরোদন || শাকিল রনি
০১০৬২০
#শাকিল_রনির_পোস্ট_সমগ্র