যেখানে ফেরার দায় ছিলো না,
অথচ নদীর ধারে হাত ধরে হাঁটার কথা ছিল,
আজও সেই ভেজা ঘাসে একা হেঁটে যাই।
কোথাও তো নেই কেউ,
শুধু দীর্ঘশ্বাসে ভেসে আসে পুরোনো নিমগ্ন গান।
নদীটা আগের মতোই বয়ে চলে বালি ও রোদের দেশে,
আমরা কি তবে হারিয়ে গেলাম কোনো ব্যস্ত নগর জীবনে?
অথচ কথা ছিল, সন্ধ্যার আলোয় দুজনে হারিয়ে যাবো অচেনা নীড়ে।
আজও খুব ইচ্ছে করে তোমার মুঠোয় হাত রেখে রাত কাটিয়ে দিই,
কোনো এক অলৌকিক জ্যোৎস্নায় পথ ভুলে হেঁটে যাই বহুদূর।
কিন্তু মাঝরাতে একা জেগে দেখি, চারপাশ বড় বেশি নিঃসঙ্গ,
আমাদের শহরের জীবনে আজ আর চোখে পড়ে না কোনো কথা বলা জোনাকি।