রুদ্ধদ্বারের ওপাশে নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে লাভ নেই,
যতবার দ্বার খুলি, ততবার মরি;
দমকা বাতাসের এক ঝটকায়—
তছনছ হয়ে যায় ভেতরটা।
ফিরিয়ে দিয়েছি, তাই তো
দুয়ারে এসে দাঁড়িয়েছ, তবুও!
একলা পড়ি, একলা মরি;
রুদ্ধদ্বারের ভেতর একলা বাঁচি।
বন্ধ জানালায় কান পেতে বসে থাকি,
ওপারে বসন্ত বাতাস আসবে আসবে ভাবি;
ভেতরে ভেতরে ভেবে মরি—
ঝড়ো হাওয়া ঢুকবে এই বুঝি!
বসন্তের বাতাস এসে ফুল ফোটাবে,
সুরভি ভেসে আসবে মন-জানালা বেয়ে;
এইসব এখন আর ভাবি না,
তাই তো জানালায় চোখ রাখি না।
যদি কখনো আসো এক মুঠো জোছনা নিয়ে,
কিংবা আসো নিবু নিবু জোনাক হয়ে;
রুদ্ধ জানালার ওপাশে রুদ্ধশ্বাসে—
জেনে রেখো, কান পেতে ছিলাম এই আশাতেই!