দারুণ বৃষ্টি হচ্ছে মুষলধারে । উঠোনে জলের স্রোত । খঁইয়ের মতো বুদবুদ, আনন্দে ভাসছে, ফুটছে । বাবার কথা মনে পড়ল । এমন এক বৃষ্টির দিনে বাবা বলেছিলেন, আমাকে...
মন্টু নামে এক ডাকাত ছিল আমাদের গ্রামে । ডাকাত লোকটি একদিন আরেক লোককে তার ধনসম্পদের লোভে খুন করে । নিরাপরাধ ব্যাক্তিকে যখন লোকটি খুন করেছিল তখন কেউ ছিল না আশেপাশে, কোন স্বাক্ষী ছিল না । তবুও শুধু তিনি বলছিলেন, ঠিকই এই খুনের বিচার একদিন তুমি পাবে । খুনি মন্টু হো, হো করে হাসলো কিছুক্ষণ আর বললো, কিছুই হবে না আমার ।
বৃষ্টি পড়ছিল তখন । জমে থাকা পানিতে বুদবুদ উঠছিল । খুনীর কাছ থেকে আত্মরক্ষা করতে না পেরে নিরাপরাধ লোকটি ঐ বুদবুদকে তার হত্যাকান্ডের স্বাক্ষী মানলো । এই কথা শুনে খুনী আরও বেপরোয়াভাবে হাসতে লাগলো এবং লোকটির ধনসম্পদ ছিনিয়ে নিয়ে চলে গেল ।
কয়েক বছর কেটে গেল এভাবে । সেই খুনের কথা গ্রামের সবাই প্রায় ভুলেই গিয়েছিল । মন্টুও বিয়ে করে সংসার পেতেছে ইতিমধ্যে । একদিন বউয়ের সাথে গল্প করছিল বারান্দায় বসে, এমনসময় হঠাৎ মুষলধারে বৃষ্টি নামল । উঠানে পানি জমে গেল । জমে যাওয়া পানিতে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় বুদবুদ সৃষ্টি হয়ে ভাসতে থাকে । মন্টু এই দৃশ্য দেখে অবচেতন মনে হো, হো করে হেসে উঠল । বউ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই তুমি হাসছো কেন? হুঁশ ফিরে এলো মন্টুর । নানান ছলে এড়িয়ে যেতে চাইলো সে । কিন্তু বউয়ের পীড়াপীড়িতে সেইদিনের খুনের ঘটনা বলতে বাধ্য হলো এবং বউকে বলল, লোকটি কতই না বোকা ছিল যে এই বুদবুদকে স্বাক্ষী মেনেছিল!
বউ চুপচাপ, কোন কথা বলে না । মনে মনে কেমন যেন ভয় হচ্ছে তার । মন্টূ যখন বউকে আলতোকরে ধাক্কা দিয়ে বললো, কি হল? বউয়ের মনের ভয় আরও বেড়ে গেল । সে চিৎকার করে উঠল খুনী, খুনী এবং দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল ।
দুজনের চেঁচামেচিতে গ্রামের লোকজন জড়ো হয় । কয়েক বছর আগে ঘটে যাওয়া খুনের রহস্য প্রকাশ হয়ে যায় । এভাবে জানাজানিতে ঘটনা থানা পুলিশ পর্যন্ত রটে গেল । ভয়ে মন্টুর বউ বাপের বাড়ীতে চলে গেল এবং কোনভাবেই সে আর মন্টুর বাড়ীতে ফিরবে না বলে তার অভিভাবকদের জানিয়ে দিল ।
আত্মগোপনে চলে যায় মন্টু, পুলিশে ধরতে এসে পায় না । কিন্তু বউকে ভুলতে না পেরে হঠাৎ একদিন রাতে বউয়ের সাথে দেখা করতে যায় । মন্টুর শ্বশুর বাড়ির ও এলাকার লোকজন খুনী মন্টুকে ধরে পুলিশকে খবর দেয় । আদালতে বিচার গড়ালে মন্টুর বিপক্ষে স্বাক্ষী দেয় তার বউ এবং আইন অনুসারে ফাঁসির রায় হয় । বাবা গম্ভীর স্বরে বললেন, জেনে রেখো, পাপের শাস্তি একদিন না একদিন পেতেই হয় ।
আজ আবার বৃষ্টি নেমেছে! বুদবুদ ভেসে বেড়ায় বৃষ্টির জলে, আনন্দে!