অনলাইন, অফলাইন
তিলকে তাল করি,
দৌড়াই, থামি।
আবার দৌড়াই।
নাম নেই গাছের পাতার সাথে ঝরে পড়ি,
আবার একফোঁটা জলে ফিরে পাই প্রান।
চিন্তার ভাঁজে ভাঁজে লক্ষ্যের স্থিরতা খুঁজি,
চাহিদার ভিড় ঠেলে বিজ্ঞাপনে চোখ রাখি,
লটারির খোঁজ করি,
যদি লাইগা যায়—
শুভাকাঙ্ক্ষীদের মুখে সাফল্যের গল্প শুনি,
ব্যর্থতার হিসাবগুলো
নিজের কাছেই গোপন রাখি।
সময় বদলেছে,
ভাগ্য বদলাতে হবে,
কেউ আবার পরামর্শ দেয়—
আরেকটু চেষ্টা করো,
আরেকটু ঝুঁকি নাও।