আমি তোমাকে বলিনি,
তোমার চলে যাওয়ার পর পৃথিবীটা আগের মতো থাকবে না,
শুধু একটা রাস্তা প্রতিদিন আমাকে তোমার বাড়ির দিকে নিয়ে যেতে চাইবে।
কত সহজেই মানুষ একদিন অপরিচিত হয়ে যায়,
অথচ তার কণ্ঠস্বর থেকে যায়,
কত অনায়াসে অন্য কেউ তোমার পাশে বসে,
তোমার চায়ের কাপে চুমুক দেয়।
আমি এসব মেনে নিয়েছি, শুধু মেনে নিতে পারিনি আমাদের দারুণ বিকেলগুলোকে।
এখন মাঝে মাঝে বৃষ্টি নামলে আমি ছাদে দাঁড়িয়ে ভিজি,
কোনো কারণ ছাড়াই, মনে হয়,
বৃষ্টিরও বুঝি কিছু অতীত আছে, তাই সে বারবার ফিরে আসে।
তোমাকে আর ফিরে পেতে চাই না, এ কথাটাও পুরোপুরি সত্যি নয়।
শুধু একবার পাশাপাশি বসে দেখতে চাই,
আমাদের হারিয়ে যাওয়া দিনগুলো কতদূর চলে গেছে।
তারপর তুমি তোমার পথে যাবে, আমি আমার পথে।
তুমি চলে গেলেও সত্যি বলছি পৃথিবীটা আগের মতো রইলো না।