Post

মিনহাজ রাফির তিনটি কবিতা

November 3, 2026

3 views

ঘাস

প্রতিদিন

কালো কোট পরা কিছু মেঘ

উড়ে উড়ে চলে যায়

কিছু পাহাড়ি ঘাসেদের কাছে।

বৃষ্টি ও রোদের গসিপে

ঘাসগুলো ধীরে ধীরে ম্যাচিউর হয়,

বয়সের বিচক্ষণে বুঝে নেয়

ঋতুবদলের খেল ও পাখিদের পায়চারি আঘাত;

চোখের পলকে যৌবন পার হয় তাঁদের-

নুয়ে পড়ে ভ্রান্তিতে;

(কখনো কখনো ইচ্ছায় অনিচ্ছায়

মাড়িয়ে যায় কেউ কেউ সবিনয়ে)

ঘাসগুলোর বড় হতে থাকে, আরো বড়,

পার করে বার্ধক্য এবং তাদের পাশে জন্ম

নেয় আরো কিছু উদাসীন ঘাস।

যেতে যেতে এইভাবে চলে যায় দিন- রাত

প্রবীন ঘাসগুলোর কাছে আসে যমঝড়।

এরপর ঘাসগুলো উড়ে চলে যায়

কোর্ট পরা মেঘেদের সান্নিধ্যে;

কিছু কিছু হয়ে উঠে নক্ষত্রপুঞ্জ।

ভাত ও ক্ষুধা

ধপধপে

সাদা ভাত

সাঁতরে বেড়ায়

মুডসুইং আকাশে,

আমি খাঁচায় বন্দি পাখি

দূর হতে দেখি-

নীল নীল ক্ষুধাকে!

রূপালী মাছ

আমরা বিত্তহীন মানুষ;

"মাছে-ভাতে বাঙালি"-

এই প্রবাদটি আমাদের সাথে অসংগত

তবুও মাঝে মাঝে

আম্মা মাছ খাওয়ার বায়না ধরত।

আব্বা তখন এক কেজি আলু

আর রক্তজবার মতো টুকটুকে লাল মরিচ

আম্মার হাতে দিয়ে বলতেন-

"তুমিই তো আমাদের রূপালী মাছ

তোমাকে খেয়ে ফেললে, এ সংসারের ভার বইবে কে?"

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login