Story

নক্ষত্র সেদ্ধর ঘ্রাণ | মিনহাজ রাফি

November 5, 2026

43 views

নক্ষত্র সেদ্ধর ঘ্রাণ

​শ্রাবণের অবিশ্রান্ত বৃষ্টিতে জীর্ণ টিনের চালটা যেন কোনো রণপায়ে চলা দানবের মতো শব্দ করছে। রতন রান্নাঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার পেটের ভেতরটা দীর্ঘ অনাহারে খাঁ খাঁ করছে, যেন একটা জীবন্ত নেকড়ে কামড় বসাচ্ছে ভেতরে। বাইরে শ্রাবণের অঝোর বৃষ্টি আরও বাড়তে লাগল, বাড়ত৩ লাগলো। সাথে বজ্রপাত।

​রতনের মুখোমুখি উনুনের সামনে বসে আছেন তার মা। চারপাশে ভেজা কাঠের গন্ধ। ঘরের চাল ফুটো হয়ে নোনা জল পড়ছে ঠিক যেখানে মা উনুন ধরানোর ব্যর্থ চেষ্টা করছেন। মা যখন খালি হাঁড়িতে ফুঁ দিচ্ছেন, উনুনের ছাই থেকে আগুনের ফুলকি নয়, বেরিয়ে আসছে ছোট ছোট নীল জোনাকি। তারা দল বেঁধে ঘরের ফুটো চাল দিয়ে উড়ে মিশে যাচ্ছে শ্রাবণের মেঘে, ঝড়ো হাওয়ায়। ধীরে ধীরে মা হাসতে লাগলেন। মনে হলো মায়ের হাসিতে হামাগুড়ি দিচ্ছে কয়েকটা রাজহাঁস।

​"মা, চাল নেই তো কী নাড়ছ অমন করে?" তন্দ্রাচ্ছন্ন রতন ভাঙা গলায় জানতে চাইল।

​মা ফিরে তাকালেন। তার চোখের মণি দুটো আজ অবিশ্বাস্য গভীর; সেখানে যেন ঘূর্ণায়মান নক্ষত্রপুঞ্জ ধীরলয়ে ঘুরছে। মা মৃদু হাসলেন, "ওরে পাগল, আমরা তো আর সাধারণ চাল খাব না। আজ আমি হাঁড়িতে নক্ষত্র সেদ্ধ করছি—সাদা নক্ষত্র। দেখিস, এটা খেলে তোর আর কোনোদিন ক্ষুধা পাবে না।"

​মা কাঠের হাতা দিয়ে বাতাসের মতো হালকা কিছু একটা নাড়াতে লাগলেন।

​হঠাৎ বাঁশের দরজায় করাঘাত। পাড়ার মাতব্বর হাশেম মিয়া ছাতা বগলে ভেতরে ঢুকলেন। তার ধপধপে সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। তিনি অবজ্ঞার স্বরে বললেন, "কী রে রতনের মা? ঘরে তো বাতি জ্বালানোর তেল নেই, অথচ জোনাকি দিয়ে ঘর সাজিয়েছিস! বলি, গত মাসের দেনাটা কি আকাশ থেকে নামবে?"

​মা বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি ধীরস্থিরভাবে একটা মাটির সানকিতে করে কিছু 'শূন্যতা' আর কয়েকটা নীল জোনাকি বেড়ে হাশেম মিয়ার দিকে এগিয়ে দিলেন। "নিন মাতব্বর সাহেব, খেয়ে দেখুন। এটা হলো 'উন্নয়নের নির্যাস'। এর স্বাদ কেবল তারাই পায় যাদের ভাণ্ডার উপচে পড়ছে। আমাদের মতো কাঙালদের কাছে যা অনাহার, আপনাদের কাছে তাই পরম তৃপ্তি।"

​হাশেম মিয়া হাঁ করে শূন্য থালার দিকে তাকিয়ে রইলেন। রতন অবাক হয়ে দেখল, মাতব্বরের মাথার ওপর থেকে একজোড়া খাড়া শিং উঁকি দিচ্ছে। তার চোখ দুটো লাল, যেন জংলি র‍্যাফ্লেসিয়া ফুল। মাতব্বর রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় তার দামি রবারের জুতো জোড়া হঠাৎ কাদা হয়ে গলে গেল এবং তিনি নগ্নপদেই কাদা মাড়িয়ে অদৃশ্য হয়ে গেলেন।

​রাত বাড়ার সাথে সাথে ঘরের বাঁশের দেওয়ালগুলো অদৃশ্য হতে লাগল। মা রতনের পাশে এসে বসলেন। রতন খেয়াল করল, মায়ের গায়ের তালি মারা সুতি শাড়িটা আর সাধারণ কাপড় নেই; সেটা হয়ে গেছে আস্ত এক টুকরো অনন্ত আকাশ। শাড়ির ভাঁজে ভাঁজে উড়ছে শত শত পাখি, আর আঁচলে লেগে আছে বৃষ্টি শেষের রংধনু।

​মা যখন রতনকে কাছে টেনে নিলেন, রতনের মনে হলো সে কোনো শক্ত মেঝেতে নয়, মেঘের এক বিশাল সমুদ্রের ওপর ভাসছে। ঝিরিঝিরি শব্দে কানাকানি করছে মায়ের দরদী নিশ্বাস। মায়ের গায়ের ঘ্রাণে এখন আর ঘাম নেই, মিশে আছে ভেজা মাটি আর পারিজাত ফুলের সুবাস।

​"মা, খুব কষ্ট হচ্ছে?" রতন ফিসফিস করে জিজ্ঞেস করল।

মা তার কপালে হাত রাখলেন। মায়ের হাতের স্পর্শে রতনের শরীরের জ্বালাপোড়া আর খিদে এক নিমিষেই উধাও হয়ে গেল। মা মৃদুস্বরে বলতে লাগলেন—“আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা...”

​বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু মেঘেরা এখন তাদের ঘরের ভেতরেই খেলা করছে। রতন দেখতে পেল, তাদের ভাঙা কুঁড়েঘরটা পৃথিবী ছেড়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে। নিচে গ্রামটা ছোট হয়ে আসছে; শহরের দামি অট্টালিকাগুলো এখন পিঁপড়ের গর্তের মতো দেখাচ্ছে। ক্ষমতা আর অর্থের জন্য ছুটতে থাকা মানুষগুলোকে মনে হচ্ছে অন্ধ পতঙ্গ।

​মা আকাশের চাঁদটাকে টেনে এনে কুপি হিসেবে জ্বালিয়ে দিলেন। তারপর এক বাটি রুপালি তরল আলো তার সামনে ধরে বললেন, "নে বাবা, পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়।"

​রতন সেই আলোকসুধা পান করল। তার জীর্ণ শরীরের হাড়গুলো এখন হীরা হয়ে জ্বলছে। অন্ধকার মহাকাশের বুক চিরে তাদের ঘরটা ধ্রুবতারার দিকে ছুটতে লাগল। রতন ঘুমিয়ে পড়ল। মা রতনের গায়ে একটি সবুজ হৃদয়ের চাদর টেনে দিয়ে মাতব্বরের বাড়ির দিকে চলে গেলেন...

Picked up where you left off

Comments

সাইফ সিরাজ was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • সাইফ সিরাজ 1 week ago First reader

    মা শা আল্লাহ। ভালো লাগলো লেখাটা। পড়তে পড়তে হঠাৎই শেষ হয়ে গেল।