Poetry

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে

November 4, 2026

55 views

চোরের দায়টা চাপল এসে দুর্বল সাধুর প্রাতে

অধর্মেরই জয়জয়কার চলছে দিন ও রাতে।

উদো যেথায় ফাঁদ পেতেছে শিকার ধরে নিয়ে

বুদোকে আজ শূলে চড়ায় বিষম বিচার দিয়ে!

ফাঁকির খেলায় মেতেছে কাল সত্য ধূলির তলে

চোখের জলে ভাসে কেবল দীন-দুখী সব দলে।

ভুলের পাহাড় জমিয়ে উদো পালায় দূরে দূরে

বুদোর চোখে কেবল সাজা বাজায় কান্না-সুরে।

রোজ প্রভাতে খবর আসে ন্যায়ের গলাটিপে

অন্ধকারে আঁখির আলো নিভল মাটির দীপে।

দোষ করেছে যেজন সে আজ সিংহাসনে হাসে

নিষ্পাপেরই তপ্ত শোণিত কান্নার স্রোতে ভাসে।

কাজটি করে চাতুর উদো লুকায় কালো মেঘে

বুদোর ঘাড়ে জোয়াল ওঠে বিষম সাজা দেগে।

হাত পেতেছে যেজন লোভী ঘুষের থালায় চড়ে

সৎ মানুষটা জেলখানাতে গুমরে একা মরে!

রাজার বিচার দেখে সবাই স্তব্ধ হয়ে রয়

মুখ ফুটে আর সত্য কথা কেউ যে নাহি কয়।

উদো গিয়ে মিষ্টি হাসে সবার চোখের আগে

বুদোর পিঠে চাবুক চলে গভীর ক্ষতের দাগে।

পাপের বোঝা বয়ে বেড়ায় সরল সহজ প্রাণ

অসহায়ের আর্তনাদে কাঁপে যে আসমান।

চোরকে ছেড়ে পাহারা দেয় সাধুর ঘরে ফাঁসি

উল্টো স্রোতে ভেসেই চলে নিয়ম রাশি রাশি।

মুখোশ পরে ধূর্ত উদো সাধুর মালা গলে

বুদো কেবল জ্বলছে সদা ঘোর বিপদের জলে।

কার যে দোষে কে সাজা পাচ্ছে আজব দেশে

লজ্জা নামে সমাজ বুকে মলিন দুখি বেশে।

ন্যায়ের আসন কাঁপে সদা অর্থের বিষম টানে

সত্য কভু পায় না ঠাঁই এই ভুবনের পানে।

উদো নাচে বুক ফুলিয়ে রাজপথে সব খানে

বুদোর ঘাড়ের কঠিন বোঝা কে বা কখন মানে?

আর কতকাল চলবে বলো এই ছলনার খেলা

ভাঙবে কবে অবিচারের পুতুল নাচের মেলা?

জাগবে কবে বিবেকের সুর সত্য কথার বেশে

উদোর পিন্ডি বুদোর ঘাড়ে থামবে কি এই দেশে?

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 16 hours ago First reader

    এখানে বিবেক জাগ্রত হবার কোন সম্ভাবনা নেই। এর দোষ ওর কাঁধে দেয়ার এ ভয়াবহ চর্চার মধ্য দিয়েই আমাদের বাঁচতে হবে ভাই।

    • Kabir Al Mamun 8 hours ago

      একদম সঠক বলেছেন ভাই "এখানে বিবেক জাগ্রত হবার কোন সম্ভাবনা নেই।"