মাঝে মাঝে পুরনো জিনেরা
ঘাড়ে চেপে বসে থাকে,
কোনোভাবেই ছাড়ানো যায় না।
ভারী হয়ে ওঠে বুক,
কেড়ে নেয় সব ঘুম;
হারিয়ে যায় যত সুখ।
সক্রিয় হয়ে ওঠে নিউরোন,
বেড়ে যায় অনুভূতির অনুরণন;
শুরু হয় মস্তিষ্কের বিস্ফোরণ।
স্মৃতিরা জেগে ওঠে সদলবলে,
জ্বালানির জোগান দিতে
তীব্র দহন শুরু করে।
জীবননদী ছুটে চলে
প্রমত্ত পদ্মার মতো তীব্রভাবে;
দুই পাড় ভেঙে পড়ে।
স্রোত শান্ত হয়ে গেলে,
যখন চর জেগে ওঠে—
শুধু ঊষর বালি ফেরে!