Article

লা স্কালোনেটা: এক আকাশি-নীল কারাভানের গল্প

November 4, 2026

62 views

শুরু হল পথচলা

২০১৮- কিছুদিন আগেই ফ্রান্সের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে আর্জেন্টিনা, যেই ফ্রান্স দল পরে সম্মুখ সমরে ক্রোয়াটদের হারিয়ে বিশ্বকাপ জিতেছে দাপটের সাথে।

টুর্নামেন্ট চলাকালীন সময় থেকেই আর্জেন্টিনার শিবির থেকে এসেছে একের পর এক খারাপ খবর- দলে ভাঙন, কেউ নাকি কোচের কথা শুনছে না, সিনিয়র খেলোয়াড়েরা নিজেরাই মিটিং বসাচ্ছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেও আর্জেন্টিনার খেলা দেখে এটা প্রত্যাশিতই ছিল যে দলটা খুব বেশিদূর এগুতে পারবে না। এক ফ্রেঞ্চ তরুণ মোটামুটি নাকানি-চুবানি খাইয়ে আর্জেন্টিনাকে পত্রপাঠ বিদায় করবেন সেটা হয়তো সবাই ভাবতে পারেননি। সেই তরুণ- কিলিয়ান এমবাপ্পে -পরে গিয়ে হবেন ফুটবলের পোস্টার বয়দের একজন।

আর্জেন্টিনার দলটা বুড়িয়ে গেছে, মেসি হিগুয়েনদের ভাগ্য কি ঘটবে পরিষ্কার নয়।

এসবের মাঝখানে নিউজ পোর্টাল আর ফেসবুক পাতায় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের (আফার) বেহাল দশার কথা মানুষ পড়ছে। কারও বুঝতে বাকি আর বাকি থাকে না যে খেলোয়াড়দের আর দোষ দিয়ে কি হবে! পাগলাটে সাম্পাওলিকে না হয় বাদ দেয়া গেল, কিন্তু একটা ভালো কোচকে গাঁটের পয়সা দিয়ে আনার মত মুরোদ তো ফেডারেশনের নেই। এই চোরাবালিতে ডুবতে চাইছেন না সিমিওনে, পচেত্তিনো, বা গালারদোর কেউই।

একসময়ে যে আর্জেন্টিনাকে লোকে সমীহের চোখে দেখত, তারা খানিকটা কৌতুক আর খানিকটা অবিশ্বাস নিয়ে সমালোচনা করছে দলটার। যে দলে এতো এতো প্রতিভা তারা কিভাবে খারাপ খেলছে!

সাম্পাওলির পুরনো কোচিং স্টাফ স্কালোনি তখন যুব দলকে দেখছেন। অনূর্ধ্ব ২০ দলের কোচ ছিলেন ৬ ম্যাচের জন্যে, যার মধ্যে ছিল ৪ জয়, তবে কোথাও সিভি জমা দিয়ে চাকরি পাবার মতো অবস্থা নয়।

উপায়ান্তর না দেখে, ফ্রেন্ডলি ম্যাচগুলো পার হবার জন্যে আপাতত স্কালোনিকে জিজ্ঞেস করা হল তিনি পারবেন কিনা। অবিশ্বাস্য ঠেকলেও এরকম সুযোগ কে হেলায় হারায়! স্কালোনি জড়ো করলেন পুরনো কমরেডদের- আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল, আর পাবলো আইমারকে। প্রত্যেকে কোচ হিসেবে তরুণ, কিছু করে দেখানোর জন্যে ক্ষুধার্ত। তবে তারা সবাই ধরে নিয়েছিলেন যে এই সুযোগটা এই দুই ম্যাচের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আফা নিশ্চয়ই এর মাঝে নামিদামি কাউকে খুঁজে নেবে জাতীয় দলের কোচ হিসেবে।

আর-জিতে-না থেকে ফিরে আসার গল্প

যে সময়টায় আর্জেন্টিনা কিছুই জিতছিল না, সেই সময়ে জাতীয় দলটা আর্জেন্টাইনদের কাছে ছিল সবাই বড়লোক হয়ে মাথা বিগড়ে যাওয়া ছেলে পেলে। আর তাদের সর্দার, লিওনেল মেসি, যার শরীরে ছিল রক্তের বদলে জল, সেই মেসির নামে সবচেয়ে বড় অভিযোগ ছিল যে আর্জেন্টিনা জাতীয় দল নাকি শুধু মেসির বন্ধুদের জন্যে। মিডিয়ার লাগাতার ব্যাশিং আর মাঠে আর্জেন্টিনার বেহাল দশা সবমিলিয়ে একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছিল। এর মধ্যেই আসে ২০১৮ বিশ্বকাপের বিপর্যয়। সাম্পাওলিকে আর্জেন্টিনার সবচেয়ে বাজে কোচের তালিকায় রাখছেন অনেকেই। বিশ্বকাপ চলার মধ্যে খবর আসে যে ক্যাম্পে নাকি সিনিয়রেরা কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে! মজার ব্যাপার হচ্ছে এই পুরো সার্কাস একদম কাছ থেকে দেখেছেন স্কালোনি।

রাশিয়ার পরে সাম্পাওলির সাথে সাথে বিদায় হয় মাসচেরানো, লুকাস বিলিয়া, এভার বানেগা, হিগুয়েনদের। অনেকেই এই বুড়োদের বিদায়ে খুশি হয়েছিলেন। সবাই একমত- তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে হবে। কিন্তু তাতে দলের ভেতরের পরিবেশ কি বদলাবে?

কি করে আর্জেন্টিনার দলের আইডেন্টিটিটাই বদলে দিলেন স্কালোনি? অনেকের মতে, স্কালোনি প্রথমেই যে কাজ করেছিলেন তা হচ্ছে দলের মধ্যে ঐক্য সৃষ্টি করা। তিনি চাইতেন যে দলের সবার মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হোক। চেষ্টা করলেন দলের মধ্যে একদম সোজা সাপটা কথা বলার আর সিদ্ধান্ত দেবার একটা পরিবেশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন যারা দলে আসবে তারা যেন এই আকাশী সাদা জার্সিতে গর্ব অনুভব করে।

গুয়াতেমালার বিপক্ষে এক ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে লা স্কালোনেটা। সেই দলের রুলি, টাগ্লিয়াফিকো, লো চেলসো, পারেদেস, পালাসিওস এখনও খেলে যাচ্ছেন।

ধীরে ধীরে দলে নিয়ে আসেন প্রতিভাময় উঠতি তারকাদের- লাউটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, ডি পল, রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ- দলটার খোলনলচে বদলাতে থাকে।

২০১৯ কোপা আমেরিকা আর্জেন্টিনা শেষ করে তৃতীয় হয়ে, তবে কেউ কেউ টের পান যে স্কালোনি একটা অন্য রকম দলের ভিত গড়ছেন। ফ্যানদের মধ্যে তখনও অনেক সংশয় আর হতাশা। অনেক ফ্যানেরাই মনে করত যে স্কালোনিকে দিয়ে হবে না, আফার উচিত হবে ভালো মানের একজন কোচ নিয়োগ দেয়া।

সেই সময় থেকে প্রায় ছয় বছর পরে বসে যখন এই লেখা লিখছি তখন হলফ করে বলাই যেতে পারে সেই সব আর্জেন্টিনা ফ্যানরা আজ সবাই স্কালোনি ফ্যান! আদর করে তার গড়ে তোলা দলটার নাম সবাই মিলে দিয়েছে “লা স্কালোনেটা”।

লা স্কালোনেটা কিভাবে খেলে সেটা নিয়ে আলোচনা করা দরকার এখানে। পেপের বার্সেলোনা বা হালের ম্যানচেস্টার সিটি, ক্লপের লিভারপুলের খেলা শুনলেই মানুষ যেমন আন্দাজ করে নিতে পারে যে কিভাবে এই দলে খেলে, এরকম কোন বৈশিষ্ট্য কি লা স্কালোনেটার আছে?

স্কালোনির কোচিং স্টাইলের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। ম্যাচের প্রয়োজন বুঝে সবসময় ট্যাকটিকাল ফরমেশন বদলাতে থাকেন। এক ম্যাচের মধ্যেই ৪-৪-২, ৪-৩-৩, ৫-৩-২ খেলিয়েছেন স্কালোনি। এক আইডিয়া নিয়ে খেলা স্কালোনির পছন্দ নয়। আর্জেন্টিনা বসের নিজের ভাষায়, "আপনি যদি নিজের আইডিয়া নিয়ে মরার জেদ ধরেন, তাহলে শেষটা খারাপ হবে"।

লা স্কালোনেটার আরেক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিপদের মুখে বা খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। ২০২২ বিশ্বকাপের সৌদি আরবের বিপক্ষে পা হড়কানোর পর সব আর্জেন্টিনা ফ্যানদের মনেই এই ভয় উঁকি দিয়েছিল যে এবারও হল না! হয়তো গ্রুপ পর্ব থেকেই লজ্জা নিয়েই বিদায় নিতে হবে। মেসি অবশ্য তার দলের ওপর বিশ্বাস হারাতে মানা করেছিলেন। বলেছিলেন, “এই গ্রুপটা তার ঐক্যের আর সবার মিলিত শক্তির জন্যেই আলাদা, আর এখনই সময় প্রমাণ করার যে আমরা আসলেই শক্তিশালী”।

আর ডি পল আরেক কাঠি সরেস। সেই সৌদি ম্যাচের দু’দিন আগেই এক নোটে লিখেছিলেন যে এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। জিতে ফেলার পরে অবশ্য এসব গল্প শুনতে ভালোই লাগে!

স্কালোনি নিজে দেশের হয়ে খেলেছেন, তাই খুব ভালো করেই জানেন যে এই জার্সির ওজন কতটুকু। একসময় যার সাথে খেলেছেন, জানেন সেই মেসিকেই সবচেয়ে বেশি চাপ নিতে হয়। তাই স্কালোনি চেয়েছিলেন মেসিদের উপর চাপ কমাতে। দলের রক্ষণকে প্রথমে স্থিতিশীল করলেন প্রথমে, মেসির প্রেস না করার অভাব পূরণে পাগলের মত দৌড়ানোর দায়িত্বটা পরে তরুণদের ওপর, বিশেষ করে জুলিয়ান আলভারেজের ওপর। এইভাবে দলের মধ্যে একটা ব্যালান্স নিয়ে আসেন, আর গড়ে তোলেন এমন একটা দল যারা ম্যাচের প্রয়োজন অনুযায়ী নিজেদের বদলাতে পারে।

পাম্পলোনার ক্যাফেতে

২০২১- আর্জেন্টিনা সদ্যই ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে ওয়েম্বলি স্টেডিয়ামে। বিশ্বকাপের প্রস্তুতি সারতে তারপর খুদে এস্তোনিয়াকে করেছে নাস্তানাবুদ, লিওনেল মেসি একাই করেছেন পাঁচ গোল। সবকিছু খুব ভালো যাচ্ছে।

তবু আর্জেন্টিনার এক সাংবাদিক এক অদ্ভুত খবর দিলেন। দলের স্টাফরা ছুটি নিচ্ছেন, অনেকে আর্জেন্টিনায় ফিরছেন। স্কালোনি ফিরছেন মায়োর্কায়, স্পেনে যেখানে তিনি পরিবারের সাথে থাকেন। বিজনেস ক্লাস ফ্লাইটে না চড়ে অন্য সব আম আদমির মত ট্রেনে চড়ে যাচ্ছেন পাম্পলোনা থেকে বার্সেলোনা, সেখান থেকে যাবেন পরিবারের কাছে।

ট্রেন আসতে দেরি হচ্ছিল বলে স্কালোনি ট্রেন স্টেশনের এক ক্যাফেতে বসে ল্যাপটপ খুলে কাজ করা শুরু করে দিয়েছিলেন। এক কাপ কফি নিয়ে বসে উরুগুয়ে আর ইউএসএ-এর মধ্যেকার ফ্রেন্ডলি ম্যাচ দেখছিলেন আর নোটস নিচ্ছিলেন। কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসলে তিনি নিজের সিটে বসে আবার কাজ করা শুরু করেন। সেই সাংবাদিক ভাইয়ের মতে স্কালোনি ম্যাচের কিছু অংশ বার বার চালিয়ে দেখছিলেন।

উপরের অংশটুকু সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। লিওনেল স্কালোনি ততদিনে সকল আর্জেন্টিনার ফ্যানদের মন জয় করে নিয়েছিলেন। এই প্রথমবারের মত ফ্যানরা এই লোকটা কিভাবে কাজ করেন সেদিকটার সাথে পরিচিত হয়েছিলেন। উপরের ঘটনা হয়তো কিছুই প্রমাণ করে না, তবে আমাদের বিশ্বাস করতে ইচ্ছে করে যে এই কোচ দলের জেতার জন্যে সব চেষ্টা করবে। যাকে বলে “ইন স্কালোনি উই ট্রাস্ট”। ফুটবলের বাইরেও এই সাধারণ ঘটনাটুকু আমাদেরকে একটা ইঙ্গিত দিয়ে যায় যে নিজের কাজটাকে মন দিয়ে করতে পারলে, সেটা নিয়ে লেগে থাকতে পারলে জীবনে কিছু একটা অর্থপূর্ণ করা যাবে। কাজটা শুধু করে যেতে হবে, জীবনের সবচেয়ে বড় অর্জনের পরেও, বার বার হোঁচট খেয়ে উঠে দাঁড়াবার পরেও।

লুসাইলের মাস্টারক্লাস

লুসাইলের ফাইনালের বেশিরভাগ সময়ের জন্যেই ফ্রান্স দল কোণঠাসা হয়েছিল আর্জেন্টিনার কাছে। দিদিয়ের দেশম মার খেয়ে গিয়েছিলেন এক নবীন কোচের কাছে। কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় ফিরে আসার ফলে সেই গল্পটা অনেক সময়েই পেছনে পড়ে থাকে। লুসাইলের মাস্টারক্লাসটা নিয়ে তাই আলোচনা করাটা জরুরি।

লুসাইলে আর্জেন্টিনার ড্রেসিং রুমে যখন ফ্লোরে পড়ে আছে জেতার খুশি পালনের সব চিহ্ন, তখন সেই ভেজা ফ্লোরের একপাশে একটা খুব সাধারণ সাদা কাগজে দেখা যায় বাচ্চাদের আঁকিবুঁকির মত করে লেখা ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্সিভ সেট আপ, হাতের লেখা স্বয়ং লিওনেল স্কালোনির। ফিফা দল এই পেপার অতি যত্ন করে রেখে দিয়েছে, আমি নিশ্চিত এটা ফিফা জাদুঘরে শীঘ্রই জায়গা পাবে। তো কি করে বাজিমাত করেছিলেন স্কালোনি, কি ছিল তার সাফল্যের টোটকা?

টোটকা ১। আনহেল দি মারিয়াকে ডান থেকে বামে নিয়ে আসা। দি মারিয়া পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন আলোচনার বাইরে, পড়েছিলেন ইনজুরিতে। সেই মারিয়া ফ্রান্সের এক পাশকে কাঁপিয়ে দিয়েছিলেন ফাইনালে। দেম্বেলের থেকে ফাউল আদায় করে খুলে দিয়েছিলেন প্রথম গোলের দরজা, আর দ্বিতীয় গোলটা তো বিশ্বকাপের ইতিহাসেরই অন্যতম সেরা দলীয় গোল হয়ে থাকবে!

টোটকা ২। ফ্রান্সের খেলা থেকেই স্কালোনি ধরতে পেরেছিলেন যে যখন ফ্রান্স দলের পায়ে বল থাকে তখন তারা দ্রুত তিন জনের ডিফেন্সিভ লাইনে বদলে যায়। যেই লেফট ব্যাক হিসেবে থাকে সে মিডফিল্ডে পুশ করে আর জুলস কুন্দে রাইট সেন্টার ব্যাক হিসেবে খেলে। এর মানে হচ্ছে অনেক স্পেস খালি থাকবে আক্রমণ করার জন্যে, আর ঠিক এই কারণেই দি মারিয়াকে সরিয়ে বামে নিয়ে আসা হয়।

ক্লান্তি আমায় ক্ষমা করো

এফএ স্টুডিয়োকে দেয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছিলেন “কাতার বিশ্বকাপের পরে একটা সময় ছিল যখন আমি মানসিকভাবে একদম ক্লান্ত ছিলাম, এসব থেকে দূরে যাওয়ার দরকার ছিল। এখন আমি অনেকটাই শান্ত আছি।”

নিজেকে সৌভাগ্যবান মনে করেন যে তিনি বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টিনার হয়ে, যেমনটা করেছিলেন মেনোত্তি আর বিলার্দো। তবে নিজেকে একদমই এইসব গ্রেটদের কাতারে বলে মনে করেন না স্কালোনি।

ক্লান্তির কারণেই হোক, বা প্রথম সিজনের পর থেকেই যেভাবে টিভি সিরিজের মানের ক্ষয় শুরু হয়, স্কালোনিও ধরা দিয়েছেন সেই একই বৃত্তে। মেনোত্তি আর বিলার্দোর দ্বিতীয় সিজনের মতই তার দলকে আর এখন ক্ষুরধার মনে হয় না।

তবে সিরিজ রিবুটের মতই লা স্কালোনেটা ২.০ বানানোর সুযোগ পাচ্ছেন স্কালোনিই। মেসি-পরবর্তী আর্জেন্টিনার রূপকার হওয়ার সুযোগ এখন তার সামনে। সেই পথচলা কেমন হয় তার দিকে সব আর্জেন্টিনা ভক্তদের চোখ নিশ্চয়ই থাকবে।


Picked up where you left off

Comments

    Please login to post comment. Login