Story

ফ্লাইট নাম্বার ৬২১

November 12, 2026

31 views

‘স্যার প্লিজ, পুট ইয়োর সিট বেল্ট অন’ মিষ্টি কণ্ঠের আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে গেল। এই আমার এক সমস্যা। গাড়ি হোক, বাস হোক, প্লেন হোক- ওঠা মাত্রই ঘুম চলে আসে। চালুও হওয়া লাগে না, তার আগেই আমি নেই। যাচ্ছি দোহা থেকে ঢাকা। আমি এই পথে নিয়মিত, যাকে বলে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। ফ্লাইট ছেড়ে দিচ্ছে। খাবার দিতে কিছুটা সময়তো লাগবেই। এর মাঝেই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি।

যেমনটা বলছিলাম- এই ফ্লাইটে আমি নিয়মিত। ইকোনমিতে কি খাবার দেয় তাও মোটামুটি মুখস্ত। আমি শীতের জামাটা খুলে রাখলাম। ভেতর থেকে থলথলে শরীরটা বের হয়ে এল। পেটের নিচ দিকে শার্টের বাটন প্রায় ছুটে বের হয়ে যাবে এমন অবস্থা। ধুর শালা! মেজাজটাই বিগড়ে গেল। আসলে এমন আনফিট শরীর আমার ভালো লাগে না। গল্পে ফিরি।

আমি গ্রামের ছেলে। সাত পুরুষ ধরে আমাদের ঠিকানা বাবুরহাট এলাকায়, চাঁদপুরের জেলার মধ্যে পড়ে যেটা। আমার বাপ দাদা বাজারে মাছ বিক্রি করতেন। বাবা এখনও বেঁচে আছেন। গ্রাম থেকে হওয়ায় গল্পের মধ্যে এলাকার শব্দ ঢুকে পড়তে পারে। আশা করি ক্ষমা করবেন।

গ্রামের মানে কিন্তু অশিক্ষিত ব্যাপারটা তা না। ক্লাস এইট পর্যন্ত পড়েছি। মোটামুটি ভালই পারতাম। এরপর একটু সংসারে অভাব দেখা দেয়ায় চালায়া যাওয়া হয় নাই। খেলাধুলা করতাম খুব, পেটা শরীর ছিল। এখনকার ছেলেরা যে সিক্স প্যাকের পেছনে ঘোরে, সেটা আমার কচি বয়স থেকে ছিল। সবচেয়ে বেশি পছন্দ ছিল ফুটবল, হাইস্কুলের মাঠে আমার খেলা দেখতে আসতো অনেকে। একবার মেডেলও পাইসিলাম।

এই যে! বিমানের আপারা খাবার নিয়ে চলে আসছে। এত সুন্দর সুন্দর মেয়ে, অথচ মানুষকে খাবার দেয়া হচ্ছে এদের কাজ, ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগে। আর কোন কাজ নাই দুনিয়ায়, আকাশে ভাসতে ভাসতে খাবার দেয়া ছাড়া? অবশ্য আমার সোফিয়ার কাছে এরা সবাই পাক্কা ফেল। এই ধুর সোফিয়ার কথা বললাম, নিজের নাম বলতেই ভুলে গেছি। খুব সরি। আমার নাম মোঃ জয়নাব আলী, পিতা মোঃ মোতালেব আলী।

বছর আটেক আগের কথা। আমার বয়স তখন বাইশ। আমি কিছুই করি না , কয়েকদিন মাছ বেচতাম তার আগে। দেখলাম সবাই যেন কেমন আচরণ করে। সিদ্ধান্ত নিলাম মাছ বিক্রি করব না। মানুষ যার কাছ থেকে মাছ নেয় তারে দাম দিতে পারে, তবে সম্মান না।

এরপর একটু বখাটেই হয়ে গেলাম বলতে পারেন। বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দেই ব্রিজের কোণায়, টাকা থাকলে চা বিড়ি খাই। সেই সময় প্রথম দেখলাম সোফিয়ারে। বাবুরহাট কলেজে নতুন ভর্তি হইল। মতলব থেকে তার পরিবার তখন আমাদের গ্রামে নতুন আসছে।

কিভাবে কি হইল, প্রেম কিভাবে কখন শুরু হইল, এগুলা আপনাদেরকে বলব না। একটু লজ্জা লাগে। তিন বছর প্রেম করসি। গ্রামে জানাজানি হইলে শুরু হইল পেরেশানি। আমি একটা কাজ জোটানোর চেষ্টা করসিলাম। কিন্তু হয় নাই। সোফিয়াও শেষমেশ আমার উপর ভরসা হারায়ে ফেলল। সোফিয়ার বাপ তারে এক পাকা দালানওয়ালা বুইড়া ব্যাটার কাছে বিয়া দিয়া দিল। বন্ধু বান্ধবরে দিয়ে খোঁজ নেয়াইলাম ঐ লোকের ব্যাপারে। ব্যাটা কাতারে থাকে, সেইখানে কি ব্যবসা নাকি করে। সেইদিনই ঠিক করসিলাম যে গতর খাটতে হইলেও কাতার যাব। তারপর নানা কাহিনি করে, দালাল ধরে ভিসা হইল।

আমি কাতার আসলাম পাঁচ বছর আগে। মনে আছে কি ভয়টাই না পাইসিলাম! কিছু বুঝি না কই যাইতে হয়, কি বলতে হয়। আমি আর এলাকার শামিম একসাথে ছিলাম। এয়ারপোর্ট ঢোকার পর পুরাটা পথ আমরা কারো না কারো ধমক খাইতে খাইতে আসছি। সেইবারই আসার সময় কয়েক সিট পর বসা এক মহিলা কিছুক্ষণ পর পর বলতেসিল, “এদের কারনেই দেশের নাম খারাপ হয়”। খুব খারাপ লাগসিল সেদিন, বিশ্বাস করেন।

নিশ্চয় ভাবতেছেন যে সেই জয়নাব কি এমন পয়সা বানাইল যে এখন তার ভুঁড়ি নিয়ে চলা দায়। বলতেসি দাঁড়ান।

আমি গিয়ে উঠলাম এক মেসে। সেখানে আরও পনেরো জন থাকে। আমরা যে দালাল ধরে আসছি, সেখানে কিছু জিনিষ নিয়ে ঝামেলা ছিল। সেসব বিস্তারিত এখানে বলতে চাই না। শুধু এতটুকু বলি, সহীহ পথে আমি কাতারে আসতে পারতাম না। আমারে যে সাইটে কাজ দিসিল সেই হারামজাদাও এটা জানতো। নানান কিছু বলে সে আমার পাসপোর্ট রেখে দিসিল। দুঃখের কথা কি বলব, ঐ শালার শালাও বাংলাদেশী। এমন কাজ আরও অনেকের সাথে করসে শুনসি। তবে টাকা কম হইলেও দিত। গরমের মধ্যে অবশ্য খাটনিও অনেক। দেশে টাকা পাঠাইতে পারতাম কিছু, তবে প্রথম বছর পারি নাই। আব্বা খুব খুশি হইসিল। তাঁরে কেউ খুব বেশি সম্মান দিত না। এখন পোলা বিদেশ থাকে- এটা তার কাছে বিরাট গর্বের বিষয়।

আসল কথা বলি নাই। আমি স্টেডিয়ামের সাইটে কাজ করসি কিছুদিন । সে এক এলাহি কারবার। বিশ্বকাপ হইল না বাইশে ? সেইটার জন্যে। আমি ফুটবল খুব ভালবাসি, বলসি সেই কথা? দল একটাই করি- আর্জেন্টিনা। প্লেয়ার একটাই করি- মেসি। এইবার যখন বসে কাপ নিল, আমি তখন এই ফ্লাইটে কইরাই যাচ্ছিলাম। সে কি আনন্দ করলাম! চিৎকার করে বললাম- দ্যাখ রোনালদোর বলদ ফ্যানরা, দ্যাখ! ফুটবল খেলা কারে কয়। হালা লম্বা হইলেই আর লাইথাইলেই কি ফুটবল খেলা হয়? সেই সাইটগুলায় আমি কিছু কাজ করসি ভাবতে খুব ভাল লাগে। স্টেডিয়াম হওয়ার পরেও আরও কাজ করসি, তবে অন্য সাইটে।

বিশ্বকাপের মাস কয়েক আগে আমাদের ছুটি দিয়া দিল। এরমধ্যেই একদিন আমার শরীরটা খুব খারাপ করল। শামিম কইল নিউমোনিয়া মনে হয়। ভুগলাম খুব, বুঝছেন? আরো কয়েকটা দিন পাইলে দেশে গিয়া মরতে পারতাম। হইল না। কোথায় কার সামনে মরলাম মনে পড়ে না।

ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কারণ নাই। আমি জীবিত নাই কথা সত্য। তবে তার মানে আমি ক্ষতিকর কিছু এমন না, শুধু শুধু গিয়ে একজনের ঘাড়ের ওপর হামালায়ে পড়ার মধ্যে আমি নাই। আমার লাশটা দেশে গেছে এই ফ্লাইট নাম্বার ৬২১ এই। সেই খানেই কেমন যেন ঘুম ভাঙার মত হইল, উঠে দেখি প্রচণ্ড গরম। নিজেরে খুব হালকা মনে হচ্ছিল। একটু শরীরটা টান দিতেই এই ইকোনমি ক্লাসের মধ্যে আইসা উঠলাম। কয়েক দিন লাগসে বুঝতে, তারপর সহ্য হয়ে গেসে। এখন যেই যাত্রীকে পছন্দ হয় তার মধ্যে ঢুকে বসে থাকি। খাওয়া দাওয়া করি, মুভি দেখি, অন্য প্যাসেঞ্জারদের সাথে গল্পগুজব করি। যার মধ্যে ঢুকি তার অবশ্য কিছু ইয়াদ থাকে না। তার কাছে মনে হয় পুরা ফ্লাইট ঘুমাইসেন।

তবে দুইটা বিষয়। এক, আমি ফ্লাইট থেকে বের হইতে পারিনা (জি, চেষ্টা করে দেখেছি), তাই আমি খালি দোহা টু ঢাকা, আবার ঢাকা টু দোহা। আর দ্বিতীয় বিষয়, আমি মেয়েদের শরীরেও ঢুকতে পারি না। মিথ্যে বলে লাভ নাই। সে চেষ্টাও করে দেখছি।

ইকোনমিতেই বসি আমি, মাঝে সাঝে বিজনেস ক্লাসে ঢুঁ মেরে দেখি নায়ক নায়িকা কেউ আছে নাকি। একবার এক নায়িকাকে পাইসিলাম (নাম বললে আপনারা চিনে ফেলবেন!)। আমি নায়িকার পাশের সিটের এক স্মার্ট দেখতে ব্যাটার মধ্যে ঢুকে কথা জমানোর চেষ্টা করলাম, লাভ হয় নাই।

আরেকবারের কথা বলি। এক বিখ্যাত নেতা উঠসে ফ্লাইটে। তার নামে বিশাল কাহিনী তখন দেশে। হাজার কোটি টাকা নাকি পাচার করে দিসে বিদেশ, কানাডায় কয়েকটা বাড়ি আছে, এমন সব রিপোর্ট আসে পত্রিকায়। বেঁচে থাকতে শুনতাম। সে প্লেন ছাড়ার পর পরই মদ অর্ডার দিল, বিদেশী জিনিষ- নাম মনে নাই। হাতে পাওয়া মাত্রই আমি তার মধ্যে ঢুকে পুরাটা প্যান্টের ওপরে ফেলে দিলাম। হি হি। তারপর বের হয়ে দেখি সে কি করে। বিশাল হম্বিতম্বি করল, এখানে নাকি সার্ভিস ভাল না। আবার নতুন করে তাকে দেওয়া হল, আমি এবার প্যান্টের ভেতরে ফেলে দিলাম। হে হে। শালারা! আমরা মাথার ঘাম পায়ে ফেলব, আর তুমি আমাদের টাকা সরায়ে বিজনেস ক্লাস মারাইবা। বিজনেস ক্লাস তোমার পেছন দিয়ে ঢুকায়ে দেব হারামজাদা।

খুবই সরি। বাজে কথা বলে ফেললাম। আমি চেষ্টা করছি শুদ্ধ বাংলা শেখার, ভাল ভাল কথা বলার। সাথে বিমানের আপা-ভাইদের দেখে দেখে ইংরেজিটাও শেখার চেষ্টা চালায়ে যাচ্ছি। আমার কিন্তু এই জীবন(!) নিয়া কোন অভিযোগ নাই। ভালোই আছি। তবে প্রতিবার যখন থোকা থোকা মেঘ ফুঁড়ে ঢাকার রাস্তাঘাট ফুটে ওঠে, তখন মনে হয় একবার যদি বাইর হইতে পারতাম তবে একটা সিএনজি নিয়া সোজা লালকুঠি ঘাট চলে যেতাম, চাঁদপুরের লঞ্চ যেটাই থাকতো উঠে পড়তাম। আবার আম্মার কাছে যাইতাম, ওনার শাড়ির এক কোণা ধরে বসে থাকতাম । আম্মা দুপুরের রয়ে যাওয়া ভাত আর তরকারি মাখাইয়া খাওয়ায়ে দিত। আব্বারে আরেকবার সালাম দিয়া বুকে জড়ায়ে ধরতাম। থাক সেসব কথা! দুঃখ করে কি হবে মরণে।

আজকের মত এখানেই শেষ করি। থাকেন তাহলে সবাই? আরেকদিন সুযোগ পাইলে আপনাদের সাথে কথা হবে। ফ্লাইট নাম্বার ৬২১এ গেলে অবশ্য দেখাও হইতে পারে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login