গল্পবিহীন মানুষেরা ভালো থাকে।
তাদের পৃথিবী সাধারণ রোদমাখা আলোতে
নেহায়েত সাদামাটা এই খারাপ ভালোতে
তারা যেমন তেমন থাকে।
তারা নিয়মিত হাটবাজার করে,
মাঝে মাঝে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে,
রিকশায় উঠতে খুব দরদাম করে,
সাধারণ ভুল ভ্রান্তিও করে।
মাঝে মাঝে সিনেমা দেখতে যায়,
সিনেমা দেখে তাদের কান্নাও পায়,
মাঝে মাঝে অফিসে বোনাস পায়,
সেদিন তারা খুশীতে সব ভুলে যায়।
ছেলেমেয়ের বড় হওয়াটা পরে টের পায়,
সম্পত্তির মামলা মোকদ্দমায় দিন যায়,
একদিন তাদের কঠিন অসুখে পায়,
তারপর দুম করে কাফন পরে চলে যায়।
আর যারা গল্প হতে চায়,
তারাই গল্পের নায়ক হয়,
লোকে কেবল তাদের কথাই কয়।
আহা! আমরা সবাই গল্প হতে পারলাম না।