ঘুমানোর সকল প্রস্তুতি শেষ করে বিছানায় শুয়ে শুয়ে মাসুদ ভাবতে শুরু করলো, কি একটা কাজ যেন বাকী রয়ে গেছে। কোন একটা রুটিন কাজ বাকী রয়ে গেছে। কি কাজ, একে একে মনে করার চেষ্টা করলো। বাথরুমে কল ঠিকমতো বন্ধ করা হয়েছে। সেখানেই ফ্ল্যাশটাতে একটা সমস্যা আছে। সারাক্ষণ পানি পড়ে, সেটার একটা শব্দ হয়। সেজন্যে ফ্ল্যাশের কানেক্টিং পাইপের সাথে লাগোয়া কলটাও বন্ধ করেছে। রাতে ঘুমুতে যাবার আগে দেশের বাড়িতে মায়ের সাথে কথা বলার নিয়ম আছে। মায়ের সাথেও কথা হয়েছে। সকালে অফিসে যাবার কাপড়গুলো গুছানো হয়েছে। তাহলে কি কাজটা বাকী আছে! ভেবে কূল পাচ্ছে না মাসুদ। কোন একটা কাজ বাকী রয়ে গেছে। ভাবতে ভাবতে তার ঘুম উড়ে গেলো। মেজাজ খিচড়ে গেছে। বিছানা হতে উঠে দাঁড়ালো মাসুদ। অফিসের ব্যগটা টেবিলের উপর রাখা আছে। সেটা খুলে দেখল, অফিসের কিছু কাগজ রাখা আছে ব্যগে। সেগুলো বের করে দেখল, নাহ সব ঠিক আছে সেসব। আর কি কাজ বাকী থাকতে পারে, ভাবছে মাসুদ।
নাহ, কিছুই মনে পড়ছে না। ঠিকমতো ঠাহর করতেই পারলো না মাসুদ, কোন কাজটা বাকী রয়ে গেছে। ভাবতে ভাবতে মেজাজ টং এ উঠলো মাসুদের। বিছানায় বসে মাসুদ রুমের চারপাশে তাকিয়ে দেখলো। টিভির পাওয়ার অফ করা হয়েছে। মোবাইল চার্জে দেয়া আছে। আজ যে কাপড় পরে বেরিয়েছিল, সেগুলো ওয়াশরুমের সামনে রাখা আছে। নাহ, কোন কাজটা করা হয়নি, সেটা সে খুঁজেই পেলোনা মাসুদ।
নিজের উপর রাগ হতে গিয়েও নিজেকে সামলে নিলো মাসুদ। যা হবার হবে। ঘুমিয়ে পড়ি, ভাবতেই বিছানায় সটান শুয়ে পড়লো। যা হবার হবে, এখন ঘুমটা জরুরী। বরং ঘুমিয়ে নেয়া যাক। সারাদিনের ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম যেন এসে হাজির হলো দুচোখে। এ সময়টার অনুভূতি সব মানুষের জন্য দারুণ সুখকর। মাসুদও এর ব্যাতিক্রম নয়। ঘুম আসার এ মূহুর্তে মাথাটা খালি খালি অথচ একটা শান্তি শান্তি ভাব আসে।
শান্তি শান্তি ভাব নিয়েই ডান দিকে কাত হয়ে শুতে গিয়ে দেয়ালে চোখ পড়তেই তার মনে পড়লো, কোন কাজটা বাকী রয়ে গেছে।
রুমের লাইটটাই নেভানো হয়নি!
Comments
Be this story’s first reader
+30 XPNobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.
Sign in to claimFirst reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.