ধুলো মাখা মেঠোপথে হয়নি কভু হাঁটা,
স্রোতস্বিনী নদীর বাঁকে হয়নি সাঁতার কাটা।
সবুজ ঘাসের নরম চাদরে হয়নি আজো শোয়া,
বাড়ির পাশের নীল দিঘিতে হয়নিতো মুখ ধোয়া।
বাঁশ বাগানের মাথার উপর হয়নি দেখা চাঁদ,
সকাল বেলায় হয়নি খাওয়া পেঁয়াজ, পান্তা-ভাত।
শীতের রাতে রস চুরাতে হয়নি কভু যাওয়া,
চুলার পাশে হালকা আঁচে হয়নি পিঠা খাওয়া।
আম কুড়ানো হয়নি কভু ঝড় বাদলের রাতে,
বৃষ্টি সুখে মাতা হয়নি ছোঁকড়া দলের সাথে।
কাঁঠাল তলায় দোকান সাজিয়ে বেঁচা হয়নি সুখ,
পাকা জামের শাখায় উঠে হয়নি রাঙানো মুখ।
নীল আকাশে তাকানো হয়নি আঁখি দুটি মেলে,
দেখা হয়নি কাশফুলেরা কেমন করে দোলে।
দৃষ্টি দেয়া হয়নি আজো সবুজ দিগন্ত পানে,
হয়নি কভু সুর মেলানো ভাটিয়ালী গানে।
মাঠের বুকে হয়নি দেখা সোনালী ধানের হাসি,
হয়নি কখনও বলা আমি তোমায় ভালবাসি।
৮ মার্চ ২০১৯ || বগুড়া