ভোর না হতেই কে বসালে
সৌরভেরই মেলা,
কে ভাসালে হৃদয় মাঝে
ভালোবাসার ভেলা?
তারমানে কি বর্ষা শেষে
শরৎ এসেছে চলে?
উঠানটা যে ভরে গেছে
শিউলি ফুলে ফুলে।
মখমলি এক সাদা চাদর
গাছতলাতে শোভে,
মনটা যেন নেচে ওঠে
ফুল কুড়ানোর লোভে।
এই ফুলেতে মালা হবে,
কচি হাতের বালা হবে,
আলতো করে ছুঁয়ে দিলে
ভালোবাসার কথাও কবে।
৩১ মে ২০২০ || বগুড়া