আমার মস্তিস্কের ভেতর একটা দোদুল্যমান আইফেল টাওয়ার;
সত্য অসত্যের দোলাচলে পিসার হেলানো মিনারের মতো
হেলে পড়ে একদিকে,
আবার দমকা হাওয়ার এক ঝটকায়
নতজানু হয় মূদ্রার অপর পিঠে,
শুধু ঐ দাম্ভিক প্যারিস হয়ে ওঠা হয়না তার।
চোখের ভেতর আছে ক্রিস্টোফার নোলানের
ইনসেপশন পাঠ ১ থেকে ৬,
যেখানে আমার প্রতিটি পদচিহ্নে মেলে
ভিন্ন ভিন্ন মহাদেশের প্রস্তর ফসিল,
বিজয়োল্লাসের এক পাশ দিয়ে জমা আছে
সব দুঃখ গ্লানির কফিন,
তবে অতি উল্লাসে টটেম গেছে ভেঙে,
অভাব বলতে শুধু ঐ একটাই।
আমার বুকের ওপর দাঁড়িয়ে আছে প্রকান্ড হিমালয়,
আর পায়ের তলায় ঘুমিয়ে আছে প্রশান্ত মহাসাগর।
প্রচন্ড ব্যথার ঐ গাঢ় নীলে ডুবে যাই
গভীরের থেকেও আরো গভীরে,
যেখান থেকে আমার আত্মার চিৎকার পৃথিবীর বায়ুমন্ডলে পৌঁছাবার নয়।
২৮ অক্টোবর ২০২১ || দূর্গাহাটা