Poetry

চায়ের কাপে প্রেয়সী

November 7, 2026

14 views

আকাশ ভরা দুপুর গায়ে মেখে মরচে ধরা টিনের ছাউনিটার নিচে যখন দাঁড়ালাম

একপাশে তখন ডালিয়ার পাপড়ির মতো আগুনের ওপর প্রিয় ধোঁয়া উড়ছে ।

মাথায় একগাদা অ্যাসাইনমেন্ট আর ল্যাব রিপোর্টের ভার,

ধীর পায়ে এগিয়ে অলস দেহটা ঠাঁই খুঁজে নিল বেঞ্চের কোণায় ।

প্রিয় ধোঁয়া উড়িয়ে গন্ধটা ঠিক নাকের কাছে এসে থামলো ।

একটা চেনা কণ্ঠ সাধলো "মামা, আপনার চা । আজ এত ক্লান্ত কেন মামা ?"

মলিন হাসির বিনিময়ে চায়ের কাপটা হাতে নিতেই-

হঠাৎ কোথা হতে সামনে এসে দাঁড়ালে তুমি । সেই দুবছর আগের তুমি ।

সেদিনের মতোই শাড়ি চুড়ি পরে ..... কি দারুণ লাগছে তোমায় !

স্বচ্ছ চায়ের কাপ ভেদ করে তোমাকে দেখছি আমি,

তুমি চোখ রাঙিয়ে, হাত উচিয়ে বলেই দিলে

- এমন কাঠ ফাটা রোদেও চা খাবার অভ্যেসটা ছাড়লেইনা তাহলে ?

আমি আলতো হেসে তৃপ্তি মেখে, চায়ের কাপে চুমুক দিলাম লম্বা করে ।

তারপর বললাম

- তোমার মনে আছে ? প্রথম যেদিন তোমাকে দেখি, ঠিক এইখানটায় ?

এখানে বসে বন্ধুদের সাথে কিসব নিয়ে আলোচনা করছিলে তুমি ।

আর আমি, সেদিনও ঘেমে নেয়ে চায়ের কাপে ডুব দিচ্ছিলাম ।

আমাকে মোষের মতো ঘামতে দেখে খুউব হেসেছিলে সেদিন ।

আর তাতেই চায়ের কাপ ছেড়ে তোমার হাসিতে ডুবে গেলাম ।

- হ্যাঁ, খুব মনে আছে ।

তারপরেই তো কিভাবে কিভাবে যেন তুমি আমি মিলে আমরা হয়ে গেলাম ।

কিন্তু তোমাকে আর ঐ চায়ের কাপ থেকে উদ্ধার করতে পারলাম কই বলো ?

- আমার সাথে চায়ের কাপটাকে এখনও হিংসে করো ?

- কেন করবো না ? এখনও চায়ের কাপটাই তোমার হাতে অথচ আমি .....

আচ্ছা, খুব তো বলতে ভালোবাসো । তা কষ্ট হয়না আমাকে ছাড়া ?

- আমি বড্ড জেদি মানুষ, জানোতো? উত্তাপ সইতে পারি কিন্তু আগুনে ভয় পাই অনেক ।

তাইতো কাগজের আগুন দিয়ে ঠোঁট পোড়ানোর চেয়ে বরং ঘাম ঝড়িয়ে চা খাওয়াটাই বেশি উপভোগ করি ।

আর তোমার শূন্যতা অনুভব করি প্রতি চুমুকে ।

- আজও ফিরিয়ে দিলে আমায় । তোমার চায়ের কাপে লাল টুকটুকে চা হওয়া আমার কপালে নেই ।

১৯ জুন ২০২৩ || দূর্গাহাটা

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login