আমার মাঝের আমিটাকে হাসতে দেখি;
নাচতে দেখি, খেলতে দেখি,
উড়তে দেখি পাখির মতো;
হাত ইশারায় আঁকতে দেখি
নানান রঙের নানান ছবি।
সেই ছবিতে মানুষ থাকে,
ফুল, পাতা, আর বৃক্ষ থাকে,
ওরই মাঝে রং ছাড়া যে মুখটা আঁকে
সেই কি আমার প্রতিচ্ছবি ?
সেই আমিটা একলা থাকে;
একলা বসেই আকাশ দেখে,
নদী দেখে, পাহাড় দেখে,
ঝর্ণা দেখে অবাক চোখে।
সেই আমিটা কেমন যেন;
সারা গায়ে রৌদ্র মাখে,
মেঘ জমিয়ে বৃষ্টি আনে।
রোদ মেঘের এই লুকোচুড়ি,
হাজার রকম হুড়োহুড়ি,
আকাশ, নদী, পাহাড় দেখেও
সে কি সবের মানে জানে ?
সেই আমিটা ভীষণ নিরব,
ভীষণ শীতল অনুভবে,
ফাগুন এলে সেই আমিটাই
চোখের তারায় আগুন পোষে।
এই আমিটাই আমার প্রিয়,
তোমার মনে থাকতে দিও,
তোমার মাঝের তুমিটাকেও হাসতে দিও,
নাচতে দিও, খেলতে দিও,
উড়তে দিও পাখির মতো।
২১ এপ্রিল ২০২৫ || পাবনা