ধুসর আকাশ ফুঁড়ে উড়ে গেল একটা পাখি।
গাঢ় বাদামী রঙের পাখিটার ডানায় আজ যেন ছন্দ নেই।
সুতো কাটা ঘুড়ির মতো লক্ষভ্রষ্ট উড়ছে সে।
পাখিটার কি নাম ?
ওর কি মন খারাপ ?
কবি বলেন - ‘মনের সুখে উড়বো মোরা পাখির মতো।’
পাখি কি মনে সুখে ওড়ে ?
পাখির চোখে পৃথিবী সুন্দর, অথবা-
পাখিরা আছে বলেই পৃথিবী সুন্দর।
তাই, পাখির মন খারাপ কিনা সেই প্রশ্নটা অবান্তর।
মন থাকে কেবল মানুষের, পাখিদের থাকে গান।
গানের জীবন উড়তে উড়তেই ফুড়িয়ে আসে,
দুঃখ নেই, কষ্ট নেই, শূন্যতার অনুভূতি নেই।
দুটো ডানার ছন্দপতনেই দরপতন।
পাখিরা মানুষ হতে চায়না, কিন্তু মানুষ পাখি হতে চায়;
বলতে চায়-
পাখির গানেই বাঁধবো জীবন, ডানায় ডানায় ঘুড়ি।
আমি মানুষ নই।
মানুষ হলে বলতাম-
পাখিদেরও মন হোক, মন খারাপ হোক।
তারপর মন ভালো হবার আনন্দে
নীল আকাশে ডানা মেলুক জগতের সব পাখি।
২২ জুন ২০২৫ || পাবনা