একশো একত্রিশ রাতের আঁধার হাতড়ে
খুঁজেছি কেবল দুটো শব্দ।
দুটো শব্দ—তোমার কানে গোঁজা ফুল।
দুটো ফুল—দু'শো কোটি কবিতা।
রাত বলেছে—তাড়া কিসের?
তোমার জন্য রেখে দিয়েছি—
লাল টকটকে ভোর,
ভোরের আলোয় জেগে ওঠা সবুজের ঢেউ,
আর ছোট্ট একটা সূর্যমুখী।
আমি বহুদিন ভোর দেখিনা।
আঁধারি ভোর জাগে—
চোখে নিয়ে জ্বলজ্বলে দুপুর।
বিকেলের রোদে শব্দের হাহাকার।
আবার রাত, আবার খোঁজ, আবার অপেক্ষা।
যে রাতের শেষে আসেনি লাল রঙা ভোর,
জোৎস্নার আগুনে পোড়াই সে রাত।
যে ভোরে জাগেনি সবুজের ঢেউ,
সে ভোরের বুকে আঁকি রংধনু সুখ।
যে সূর্যমুখী ফুটবে বলে আজও ফোটেনি,
আমি সেই সূর্যমুখীর পাপড়িতে লিখে দেই-
তোমার আমার নাম।
যে নাম—
দুটো শব্দ, দুটো ফুল, দু'শো কোটি কবিতা।
২০ সেপ্টেম্বর ২০২৫ || পাবনা