বসন্তের কৃষ্ণচূড়া আর বসন্ত তোমায় —
বোধহয় বড্ড বেশি ভালোবাসি।
তাই তো তুমি চলে যেতে চেয়েছিলে বলে
অপ্রস্তুত বিদায় জানিয়েছি।
আমি জানি, চলে যাওয়ার মানে প্রস্থান নয় —
কেবল দূরত্বের ব্যবধান।
ভালোবাসার অভিধানে
পূর্ণচন্দ্র তুমি চির অম্লান।
জানি, আর কোনো অভিযানে তুমি আমার হতে না,
তাই তোমার চলে যাওয়ায় পূর্ণ সমর্থন জানাই।
তোমায় ভালোবাসি বলেই
কৃত্রিম হাসিতে বিদায় জানিয়েছি।
কেননা হাসি — সহজ সরলতার প্রতীক
যা সহজেই বিভ্রান্তি সৃষ্টি করে
তৈরি করে জটিলতা।
তাই আমি হাসলাম।
আমি জানি, তুমি চির অভ্রান্ত —
তাই তোমার চলে যাওয়ায়
নীরব দর্শকের ভূমিকা রেখেছি।