আমি বাংলাদেশের টাকা,
আমি বাংলার আঠারো কোটি মানুষের আশা-ভরসার টাকা,
আমি বাংলার মানুষের আলস্যকে প্রশমন করা এই জন্মভূমির টাকা,
আমি বাংলার মানুষের সভ্যতাকে প্রজ্বলিত করা সেই কর্মযোগীদের বিসর্জিত টাকা।
আমি বাংলার কৃষকের কালো মুখে কালো চোখে রোদে পুড়ে ছাই হওয়া টাকা,
আমি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ক্লান্ত শ্রান্ত শরীরের ঘামে মাটি ভিজে যাওয়া টাকা,
আমি কামারের প্রজ্বলিত অনলের সেই লাল লোহায় দগ্ধ হওয়া টাকা,
আমি কুমোরের হাতে-শরীরে লেগে থাকা স্নিগ্ধ মাটির সুবাসে
আপন সত্তায় দেশকে অনুভব করা টাকা।
আমি জেলেদের পানিতে ভেসে থাকা নৌকায়
শীতে কালানো আর গ্রীষ্মের খরদাহনের খাদহীন বিশুদ্ধ টাকা,
আমি তাঁতিদের হাতে গড়া বসনে মানুষের নগ্নদেহকে আচ্ছাদিত করা টাকা,
আমি মহাজ্ঞানী মহামানবদের দ্বারা দেশের কল্যাণে উৎসর্গ করা নিঃস্বার্থ টাকা।
আমি বাংলাদেশের টাকা,
হঠাৎ জেগে উঠে চেয়ে দেখি চারিদিকে সবই তো ফাঁকা।
কাদের প্রলোভনে আজ আমি দেশে দিয়েছি গাঁঢাকা?
ঐ গ্রাসকারী হায়নাদের মরণ কামড়ে পেটে পড়েছি চাপা।
আমি বাংলাদেশের টাকা,
আমি ঐ আত্মসাৎকারী দেশদ্রোহীদের পাচার হওয়া টাকা,
আমি ঐ দুর্নীতিবাজ কালোবাজারি আর ঘুষখোরদের মুখোশধারী টাকা।
আমি ঐ লম্পট আর ব্যভিচারীদের অপব্যয়ের অশুচি টাকা,
আজ আমি বাংলার মানুষের সভ্যতাকে বিনষ্ট করে আঠারো কোটি মানুষের নিরাশ করা টাকা।
আমি বাংলাদেশের টাকা,
অতীতের সত্যকে সাক্ষী রেখে কালবৈশাখীর একটি ফুঁয়ে,
ঐ বিরোধের সব কালোহাত ভেঙে দিয়ে ঘোরাবো দেশের চাকা।