‘তুমি তা জানো না কিছু—না জানিলে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে;’
-জীবনানন্দ দাশ
বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, জানালার গ্রিলে ঝুলে আছে একটা জলের ফোঁটা। ঝরছেও না, শুকাচ্ছেও না। চোখের শেষ অশ্রুবিন্দুর মতো লেপ্টে আছে। জলের ফোঁটাটার ভেতরে উল্টে থাকা ছোট্ট আকাশ, আকাশের কোণে বিকেলের ফিকে হলুদ আলো। জলের ফোঁটাটা টলে উঠলো কয়েকবার কিন্তু কেউ টের পেলো না, ঝরে পড়ার মুহূর্তটা শুধু প্রকৃতি দেখলো।
সামনে কাপে রাখা চা জুড়িয়ে যাচ্ছে। আদা বেশি দিয়ে দিয়েছে আজ। আগে সে এটা করতো না, খেতো লেবু চা। আদা চা খাওয়ার অভ্যাস হয়েছে অন্য একজনের জন্য। যে বলতো, ‘Ginger tea or nothing, বুঝলে? গলার ভেতর একটু আগুন না জ্বললে চা আবার চা হয় নাকি?’
সে নামটা প্রকৃতি মনে মনেও উচ্চারণ করতে চায় না এখন আর। নামটা উচ্চারণ করলেই মনটা ভরে যায় আর্দ্র বাতাসে, ছাদের স্যাঁতস্যাঁতে গন্ধে, সিঁড়ির বাঁকে ঝুলে থাকা ম্লান বাল্বের আলোয়।
তাদের মধ্যে কোনো স্বীকৃত শব্দ ছিলো না। ছিলো না সম্পর্কের কোনো স্বীকৃত নামও। ওটা ছিলো টেবিলের মাঝখানে দাঁড় করিয়ে রাখা একটা পাতলা কাঁচের মতো। দুজনই জানতো ওটা আছে কিন্তু কেউ ছোঁয়নি, কেউ ধরেওনি। দুজনই ভয় পেতো, ছুঁতে গেলে যদি ওটা কেঁপে ওঠে। কিন্তু না ছোঁয়ার পরেও প্রতিনিয়ত কেঁপে উঠতো আশপাশের বাতাসে।
ছেলেটা বছর তিনেকের ছোট ছিলো প্রকৃতির থেকে, নানান বিপত্তি ছিলো পারিবারিক, সামাজিক। তারা এক শ্রেণির নয়, পারিবারিক আবহও এক নয় সেটাও বুঝতে পারতো ছেলেটা। ছেলেটা চাইতো সে যাতে কোনোদিন সামান্যতম ব্যথাও না পায়। প্রকৃতিও হয়তো বুঝতো, হয়তো বুঝতো না!
একদিন সন্ধ্যায় কাঁচটা ভেঙে গেলো। কেউ ধরেনি, কেউ ছোঁয়নি, শুধু কয়েকটা অসতর্ক মুহূর্ত। শুধু সম্পর্কটা হয়তো কোনোভাবেই সম্ভব নয় বুঝতে পেরে অন্য কারো দিকে ছেলেটার কিছুটা সরে যাওয়া। তাও পরিকল্পিতভাবে না, সময়ের তাগিদে হয়ে যাচ্ছিলো। এরপর সেই সন্ধ্যা, সেই জঘন্য সন্ধ্যা, সেই অসময়! প্রকৃতি সেই সময়টাকে আর কিছুতেই ভাবতে চায় না, ওখানে তার সবকিছুই ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু ভাবনা তো দরজা নয় যে চাইলেই বন্ধ করে দেয়া যাবে। বরং ভাবনা হচ্ছে দেয়ালের ফাটল, বর্ষায় যেখান থেকে চুঁইয়ে চুঁইয়ে জল আসে।
একজন সৎ মানুষ অসাবধানে তার গোপন ঘরের জানালা খুলে রেখেছিলো আর সেই ঘরেই তখন সে তার সবথেকে নরম জিনিসটা রেখে দিয়েছিলো।
পুরোনো কথাগুলো সে ভাবতে থাকে, ‘তুমি ঠিক আছো তো?’ বলার সময় যে ওর গলা কাঁপত সেটা কি সত্যিই ছিল নাকি ওর অভিনয়। যে হাসিটাকে এতদিন সে নিরাপদ ভাবত, সেটার ভেতরেও এখন একটা প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে।
সেই সন্ধ্যায় সে কিছুই বলেনি। শুধু চায়ের কাপটা নামিয়ে রেখেছিলো, খুব ধীরে, যাতে শব্দ না হয়। তারপর সে উঠে এসেছিলো আর ফিরে তাকায়নি। আজও সে জানে না, ওই না-তাকানোটা তার রাগ ছিলো নাকি ভেঙে পড়ার ভয়।
প্রকৃতি চোখ বন্ধ করে। ভেতরে একটা ছাদ ভেসে ওঠে, ভেজা ইটের গন্ধ, কার্নিশে বসা কাক আর পাশে মাটিতে চুপচাপ বসে থাকা সেই ছেলেটা।
অমিতের রুমে বিছানার পাশে ফোনটা উপুড় হয়ে পড়ে আছে। সে দিনে ওটা বহুবার তোলে আবার নামিয়ে রাখে। ফোনটাকে ধরতে সে ভয় পায়। ওটাকে ধরলেই যেন ওটার ভেতর থেকে কোনো কিছু তাকে সূচবিদ্ধ করে দেয়, সমস্ত কিছু ভরে ওঠে চিনচিনে ব্যথায়। ম্যাসেঞ্জারে ঢুকতে গেলে তার শরীর অবশ হয়ে আসে, মোবাইল গ্যালারিতে ঢুকতে পারে না সে।
অমিত সেই সময়ের প্রতিটি ঘটনা মনে করতে পারে কিন্তু মনে করতে পারে না ঠিক কোন মুহূর্তে সে সেই ভুলটা করেছিল। কোন মুহূর্তে সেই ভুলের সূচনা ঘটেছিল, কী তাকে ভাসিয়ে নিয়ে গেলো সেখানে। এটাই সবথেকে নিষ্ঠুর, নির্দিষ্ট ঘটনাকে চিহ্নিত করতে পারলে সে সেখানে গিয়ে ক্ষমা চেয়ে আসতো। কিন্তু ভুলটা ছিল জলের মতো, সমস্ত কিছুকেই ভিজিয়ে দিয়েছিল ভুলটা, আলাদা করে আঙুল রাখা যায় না কোথাও।
তার সামনে ভাসে প্রকৃতির চোখ দুটো। বুদ্ধিদীপ্ত যে চোখদুটো জ্বলজ্বল করতো সবসময় সেটা তখন নিভে গিয়েছিল। যে চোখের দিকে তাকিয়ে সে কাটিয়ে দিতে পারত অনেকটা সময়। ওই নিভে যাওয়া চোখ দেখেই অমিত বুঝতে পেরেছিল কিছু একটা ঘটে গেছে যা আর ফেরানো যাবে না কোনো সময়। তবুও সে নিজের সমস্তকিছু উজাড় করে দিয়ে সমর্পিত হতে চেয়েছিল তার কাছে, কিন্তু সেটা আর পারেনি।
এখন প্রতিদিন তার ভেতর ঢেউটা আসে বহুবার, একই ভঙ্গিতে। আগে অপরাধবোধ, তার পেছনে একটা ফাঁকা জায়গা, যেখানে পাঁচ বছর ধরে একজন মানুষ দাঁড়িয়ে থাকতো।
তাদের সম্পর্কটা প্রচলিত অর্থে প্রেম ছিল কি না সেই প্রশ্নর উত্তর আজও জানে না অমিত। তাদের মধ্যে কোনো স্বীকৃতি ছিল না, ছিল কেবল ঘাসের ওপর পাশাপাশি বসে কাটানো অনেক অনেক সন্ধ্যা, চায়ের কাপে চুমুক দিতে দিতে একত্রে সিগারেট খাওয়া, আর না-বলা কথার ভারে নুয়ে থাকা নীরবতা।
তারপর একটা সন্ধ্যা এলো, যেটা দেখতে বাকিগুলোর মতোই। একই ঘাস, একই বিকেলের আলো। শুধু পাশে বসা মানুষটা অন্য একজন ছিলো, যার ভেতরে সে কিছুটা প্রকৃতিকেই খুঁজে পাচ্ছিলো একটু একটু করে।
অপরাধবোধ বসে থাকে ঘরের কোণে, ছায়ার মতো। সে ফোনটা তুলে টাইপ করে, ‘তোমাকে কোনোদিন সামান্যতম ব্যথাও দিতে চাইনি। অথচ আমার ভুলেই সবকিছু ভেঙে গেল।' পরমুহূর্তেই মনে হয় ভেঙে যাওয়া কাঁচের সামনে এই শব্দগুলো বড়ই খেলো। কপি করে রেখে দেয় নোটবুকে।
সেদিন রাতে আবার বৃষ্টি নামে, দুই জানালায় দুটি মানুষ আলাদা আলাদা বসে একই বৃষ্টি দেখছে। কিন্তু কেউ কাউকে বলতে পারছে না বৃষ্টির সৌন্দর্যের কথা। প্রকৃতি এখনও জানালায় বসা, জানালার গ্রিলে একটা নতুন ফোঁটা। সে হাত বাড়ায় না, শুধু দেখে।
অমিত ছাদে উঠে আসে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভেতরে সে ছাদের ভেজা কার্নিশে ভর দিয়ে দাঁড়ায়। সামনের দৃশ্য ঝাপসা হয়ে আসে, অদ্ভুত রকম শূন্য দেখায় চোখটা। সামনে দেখতে পায় কাঁচের টুকরোগুলো ধীরে ধীরে জলের তলায় নেমে যাচ্ছে।
গুঁড়ি গুঁড়ি পড়তে থাকা বৃষ্টির জলে তার মুখের ম্লানভাব ধুয়ে যাক এমনটাই চাচ্ছে অমিত। কিন্তু এই বৃষ্টির জলকে কোনোভাবেই মনের ভেতর পৌঁছাতে দেবে না সে।