মুন্নি পায়জামার বন খুঁজে পাচ্ছে না। তার বামহাতের মুঠির ভিতর পায়জামার দুটো খোলা মুখ। হাত ছাড়লেই সে ন্যাংটা হয়ে যাবে।
সে চিৎকার করে ডাকলো," মা! মা!"
মা মনেহয় রান্না ঘরে। তার ডাক হয়তো শুনতে পায়নি।সে দেয়ালের ফুটো দিয়ে দেখলো।মা তরকারিতে নুন দিচ্ছে। কানে মোবাইল। মুন্নি আবার ডাকলো," মা---আ- আ-।"
মা এইবাতাররও উত্তর নিলো না।মুন্নীর প্রচন্ড রাগ হলো।রাগে সে ঘরের দরজায় দড়াম করে লাথি মেরে বসলো।প্রচণ্ড শব্দে কড়াই কাঠের দরজা ইটের দেওয়ালে ঘা খেয়ে ফিরে এলো।
দরজাটা গুলির মতো তার দিকে ছুটে আসছে দেখে সে বাম হাত দিয়ে সেটা ঠেকাতে গেলো।সাথে সাথে পায়জামা খুলে থপ করে পায়ের নিচে পড়লো।
ঠিক সেই সময় তার মোবাইলটা বেজে উঠলো।রাজিব কল করেছে। রাজীব মুন্নীর বয় ফ্রেন্ড। কথা বলা শুরু করলে আর ছাড়তে চায় না।তার ফোন ধরলে পায়জামার বন আর খোঁজা হবে না। অথচ ৩০ মিনিট পরেই তার স্টুডেন্টরা প্রাইভেট পড়তে আসবে।সেকি ন্যাংটা হয়ে প্রাইভেট পড়াবে?
হঠাৎ হাসিহাসি মুখ নিয়ে ঘরে ঢুকলো তার ছোটো ভাই ১০ বছরের মারুফ।
" আপু।এদিকে আয়।"
" কী রে?"
"এদিকে আয়।"
" এখন আমি কোথাও যেতে পারবো না। "
" কেন, যেতে পারবি না কেন? "
" তুই আমার পায়জামার বন নিয়েছিস?"
রাগে মুন্নীর চোখ দুটো লাল আগুন হয়ে আছে। সে ভয়ে মুখ কালো করে বললো," আমি কি মেয়ে?মা, দেখো আপু আমাকে মেয়ে বলছে।"
কান্নার ভিতর ভয়ার্তভাব দেখেই মুন্নী বুঝলো, বন মারুফই নিয়েছে। সে চিৎকার করে ডাকলো," মারুফ, মারুফ। আমার বন দিয়ে যা।"
মারুফ ততক্ষণে ছুটে রান্নাঘরে মায়ের কোলের কাছে।
মা মোবাইল রেখে ঝাঁঝের সাথেই জিজ্ঞেস করলেন," কী রে, মুন্নী মেরেছে?"
সে শুধু হ্যা সূচক ঘাড় ঝাকালো।মা লাফিয়ে উঠলো।সকালবেলা একবার বিনা অপরাধে মুন্নী মারুফের গালে ঠাস করে এক চড় মেরেছে। এখন আবার?
মা হাবিবা রান্নাঘর থেকে জ্বালানি কাঠ নিয়ে ছুটলেন। মুন্নি উবু হয়ে আলনার নিচে বন খুঁজছিলো।মা সপাসপ দুই বাড়ি পাছার উপর বসিয়ে দিলো।
মুন্নী হতচকিত হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে।সে অনার্স পড়ুয়া মেয়ে। এতবড় মেয়ের গায়ে কেউ হাত তোলে না।হাবিবা তোলে।কারন,প্রায় প্রায় দেখে বিনা অপরাধে মুন্নী মারুফকে মারে।অবশ্য মারুফও ধোঁয়া তুলসি পাতা না।সে খুব মিথ্যা কথা বলে।অভিনয়ও জানে।এই যেমন এখন।মুন্নী তাকে মারেনি। অথচ সে অবলীলায় কান্নাকাটি করে বোনের নামে মিথ্যা অভিযোগ দিয়ে মা-রও খাওয়ালো।
মুন্নী চোখমুখ শক্ত করে দাঁতে দাত চেপে প্রশ্ন করলো," মারলে কেনো?"
" তুই মারুফকে মেরেছিস কেন?"
মুন্নী তার মাকে ধাক্কা দিয়ে বললো," আমি মারিনি।ও মিথ্যা বলছে।"
" মিথ্যা বলছে,এই, মিথ্যা বলছে?"হাবিবা দাঁত মুখ খিচিয়ে মাথা ঝাঁকিয়ে মেয়েকে শাসাতে শাসাতে প্রশ্ন করলো।তারপর রেগে মুন্নীর ঠোঁট দুটো মুচড়ে দিয়ে বললো," তুই মিথ্যা বলছিস।"
একেতো বন চুরি, তারউপর মিথ্যা কথা, আবার মাইর। মুন্নী রাগে দুঃখে ঘরের ফ্লোরে আছড়ে পড়লো।এখন হাবিবা দেখলো তার মেয়ের কোমরে পায়জামা আলগা হয়ে আছে। এইবার হাবিবা বুঝলো আসল ঘটনা। সত্যি মারুফ মাঝেমাঝে তার আপুর পায়জামার বন চুরি করে দড়ি বানিয়ে খেলা করে।
হাবিবা রেগে ছেলের দিকে তাকালো।ছেলে বুঝে ভো দৌড়।
মুন্নীর ফোন বেজেই যাচ্ছে। রাজীব নাছোড়বান্দা। ফোন না ধরা পর্যন্ত সে কল দিতেই থাকবে।
মুন্নী জানে, রাজিব অনেক ধনী বাপের সন্তান। আর তারা তো গরীব মানুষ। বস্তিতে থাকে।তেলে জলে কখনো মিশ খাবে না। তবু ভালো লাগা তো থেমে থাকে না।
রাজীব সত্যি বড়লোকের সন্তান। লোকে তাই জানে।তার বাপের কালিগঞ্জ শহরের মুড়ি হাটায় ১০ কাঠা জমির উপর পাচিল ঘেরা দুইতলা একটা বাড়ি আছে। পাঁচিলের ভিতর পুকুর আছে, বাগান আছে।
ইদানীং রাজিব পুকুর পাড়ে একটা গোলাপ ফুলের বাগান করেছে। সারাদিন একটা মোড়া নিয়ে সেই বাগানে বসে থাকে।সে ফুল টাইম বেকার।অনার্স পড়তে পড়তে বাদ দিয়ে বাড়ি বসে আছে। সে বিয়ে না করে কিছু করবে না। কোনো মেয়ের বাপ বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না। মুন্নীর বাপও না।
রাজিবের বাপও মুন্নীর সাথে ছেলের বিয়ে দেবে না। গরীব বলে নয়,মুন্নীর বাপ রহমান বিশ্বাস এই শহরের একজন নামকরা মাদক ব্যবসায়ী।সে গাজা,ফেন্সি, ইয়াবা, তাড়ি সব বিক্রি করে।অবশ্য সবই ভেজাল মাদক।তবু তো মাদক। মাঝেমধ্যে পুলিশের হাতে ধরা পড়ে।
সুতরাং রাজিব আর মুন্নীর বিয়ে হবে না এ কথা নিশ্চিত। তবে তাদের দুজনের একটা প্লান আছে।আজ তারা মল্লিক পুর এক গোপন অভিযানে যাবে।আজ রাজীব আর মুন্নী মল্লিকপুরে যাবে। সেখানে থাকে কবিরাজ নদর গাজী। লোকটা নাকি অসম্ভব ক্ষমতাধর। তার কাছে গেলে প্রেমিক-প্রেমিকার মিলন হয়, বেকার ছেলের চাকরি হয়, এমনকি বড়লোকের বাপও বশ হয়ে যায়।
কবিরাজের সন্ধান দিয়েছে মুন্নীর ছোট মামা। মামা অবশ্য নিজে কখনো কবিরাজের কাছে যায়নি। তবে তার পরিচিত একজনের নাকি বিরাট উপকার হয়েছে।
রাজীবের ফোন তাই বারবার আসছে। আজ তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন।
মুন্নী ফোন ধরলো।তখন বাইরে মুন্নীর বাপ রহমান বিশ্বাসের চড়া গলার আওয়াজ পাওয়া গেলো," মুন্নী, মুন্নী। একটা পাখা নিয়ে এসো।"
মুন্নী ফোন কেটে একহাতে পাখা নিয়ে আরেক হাতে পায়জামা ধরে বাইরে বেরিয়ে এসে দেখলো , তার বাপের কোলে হলদি হাটার মষলেম ড্রাইভারের মাথা। মষলেম নেশা করে বেহুশ হয়ে ঘামছে।
রহমান চড়া মেজাজ বজায় রেখেই বললো," বাতাস করো।"
মুন্নী একহাতে বাতাস করছে।তার বাপ রেগে বললো," দেখছো না কি ঘামা ঘামছে?দুইহাত দিয়ে বাতাস করো।"
রান্নাঘরে মুন্নীর মায়ের অবস্থা কাহিল। চুলার উপর ডালের হাড়ি।একেতো গ্রীষ্ম কাল তারউপর চুলার তাপ।সে গরমে খুব কষ্ট পাচ্ছে। কিন্তু শরীর ঘামছে না।ঘামছে শুধু তার বগল।বগলের ব্লাউজ ঘেমে ভিজে গেছে। মারুফ সেইদিকে তাকিয়ে মায়ের মন জয় করার জন্য বললো," মা,রান্নাঘরে একটা ফ্যান হলে কতো ভালো হতো।তাই না মা?"
মারুফ এসে কখন পেছনে দাঁড়িয়েছে হাবিবা খেয়াল করেনি।কচিমুখের দরদী কথায় তার রাগ পড়ে গেলো।হেসে বললো," তোর আপুর বন দিয়ে আয়।"
" বন তো আমি নিইনি মা।"
" শোন সোনা, আমি তোকে মারবো না। যা বন নিয়ে আয়।"
" আপু মারবে।"
" মারবে না।যা।আমার কাছে নিয়ে আয়।আমি দিয়ে দেবো।বলবো ভুল করে আমি নিয়েছিলাম।যা।"
মারুফ ছুটে বেরিয়ে গেলো।
মুন্নী দুইহাতে বাতাস করছে।কি আশ্চর্য তার পায়জামা খুলে পড়ছে না।মষলেম তার পায়জামা মুট করে ধরে আছে। তার হুশ নেই।
মুন্নী বাতাস করেই যাচ্ছে। রহমান মেয়ের কাজ দেখে খুশি হয়ে জিজ্ঞেস করলো," তোমার মা কী রান্না করছে?"
" মনেহয় ডাল।"
" আমারও তাই মনে হচ্ছে। দারুণ বাসনা করছে।আমের আচার আছে? "
" আছে। "
রহমান আমের আচার খুব পছন্দ করে। মুসরির ডাইলের সাথে আমের আচার হলে রহমান এক গামলা ভাত খায়।সে নেশা করে তো।টক তার খুব পছন্দ।
রহমান লোকটা লম্বা,কালো।ছিপছিপে গড়নের। মেদ বলে তার দেহে কিছু নেই। নিয়মিত টাটকা গাজা খায়।তার বিশ্বাস, টাটকা গাজা খেলে শরীরে কখনো মেদ জমে না।এটা নিয়ে সে গর্ব করে গল্প করে।
এ পাড়ার জ্ঞানী ফকির আরজুর মা কুজো বুড়ি।সম্পর্কে রহমানের দাদী হয়।সে জিজ্ঞেস করে," কী রে রহমান, বিয়ে কি আরেকটা করবি?"
" তুমি রাজি থাকলে আজই।"
" টাটকা গাজা দিবি তো?"
" দেবো,দেবো।কচকচে টাকা ফেলো চকচকে গাজা খাও।"
" বউয়ের কাছ থেকে টাকা নিবি?"
" বুড়ির সখ কতো?"
" ওরে আরজুর বাপও তোর মতো টাটকা গাজা খেতো।তার শরীর ছিলো একেবার টাটা ট্রাকের বডির মতো শক্ত। সে একটা পুরুষ ছিলো।আল্লাহ তার নিয়ে গেলো।ট্রাক এক্সিডেন্ট! "
বুড়ির চোখ বেয়ে দুই ফোটা পানি গড়িয়ে পড়ে।রহমানের রাগ হয়।আরজুর বাপের বডি সত্যি হিংসা করার মতো।সে আর নেই। তবু।
রান্নাঘর থেকে হাবিবার আর্দ্র কণ্ঠ ভেসে এলো," মুন্নী, এদিকে আয় তো মা।"
মুন্নী বললো," পরে আসছি।"
মুন্নীর কণ্ঠে ঝাঁঝ নেই। হাবিবা আশ্চর্য হলো।সে রহমানকে ডাকলো," কই,শুনে যাও।"
রহমান হাসিমুখে উঠে রান্নাঘরে এলো।
" ডাইল হয়েছে? "
" ঝিনাইদহের যে ছেলের কথা বলছিলে তার খবর কী?"
" ছেলে আর্মির চাকরি করে। হলে তো ভালোই হতো।তারা তো আসতে চাই।তোমার মেয়ে তো রাজীবকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। "
" সে তো বেকার।"
" বাপ তো বড়লোক। "
" বাপের কাছে হাত পেতে বউ পোষা যায়?তুমি ছেলে দেখো।"
" আরে রাজীবের বাপ একটা হাদারাম টাইপের লোক। তাকে পটিয়ে সব হাতিয়ে নেওয়া যাবে।আগে তুমি মেয়ে ঢুকাও ঐ বাড়িতে।"
" আমি বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না। '
" মুন্নী তো রাজিবকে বিয়ে করবে।"
" সে আমি দেখবো।মুন্নীই আমাকে ছেলে দেখতে বলেছে। "
" কী যে বলো তোমরা। রাজীবের সাথে দৈনিক ঘুরে বেড়াচ্ছে। আবার এইদিকে ছেলে দেখতে বলছে।"
প্রেমের প
হুমায়ূন কবীর
১৫/১০/২৬