তুমি যদি গাজায় জন্মাতে...
তুমি যদি গাজায় জন্মাতে,
তোমার স্কুলের বারান্দায় রক্ত শুকিয়ে থাকতো।
খাতার ভাঁজে বুলেটের গন্ধ, টিফিনবক্সে শুধু ধোঁয়া।
তোমার মা তোমাকে কানে কানে শেখাতো
কিভাবে কান্না না করে মৃত ভাইকে জড়িয়ে ধরা যায়।
একটা শব্দ শিখতে তোমার তিন মাস লাগতো ‘ড্রোন’।
আর একদিন তুমি বুঝতে শব্দটা আসলে আলোহীন মৃত্যু।
তুমি ছবি আঁকতে চাইতে সূর্য, নদী, পাখি, কিন্তু হাতে শুধু ধ্বংসস্তূপ,
রঙ বলতে শুধু ছাই আর রক্ত।
তোমার বাবা বাড়ি ফিরতো না,
কারণ তার শরীরের অর্ধেক নিখোঁজ শহরের একাংশ হয়ে গেছে।
তুমি ঘুমাতে চাইতে,কিন্তু আকাশে ঈশ্বরের বদলে থাকতো লোহার পাখি,
যারা প্রার্থনার জবাবে আগুন পাঠাতো।
তোমার বোন জানালার পাশে দাঁড়িয়ে থাকতো আলো দেখতে নয়,
একটা ক্ষেপণাস্ত্র কখন আসবে সেটা ঠাহর করতে।
তুমি সবার মত বাঁচতে চাইতে না,
তুমি শুধু মরতে না চেয়ে বাঁচা বলতে কী বোঝায় সেটা জানতে চাইতে।
তুমি একটা নাম রাখতে চাইতে তোমার জীবনটার,
'মানবাধিকার’নামটা ভালো ছিল, কিন্তু সেটা এই অঞ্চলে কেউ উচ্চারণ করে না।