রহিম, তুমি কাঁদছো?
রহিম আজকাল মুখে হাসি নেই। ওর ছেলেটা স্কুল থেকে ফেরার পর জিজ্ঞেস করে,‘আব্বু, তুমি কি কাঁদছো?’ রহিম জানে, ছেলেরা সব বোঝে না। তবু চোখ মুছে বলে,না, চোখে জানি কি পড়েছে।
সন্ধ্যায় বাজার করতে গিয়ে রহিম দেখে একটা কুকুর বাসি রুটি খাচ্ছে। দোকানি বলে, এইটা আজও মানুষ হইতে পারলো না।’ রহিম হেসে ফেলে। মনে পড়ে, গতকালও সেও রুটি খেয়েছে,দুই দিন পুরনো, বাসি।
বউ বলে, 'তোমার চেহারা ভূতের মতো লাগছে।' রহিম আয়নায় নিজেকে দেখে, হঠাৎ মনে হয়, সে নিজেকে বহুদিন দেখেনি। শুধু নিজের নামে কাজ করেছে,নিজের নামে ঋণ নিয়েছে,নিজের নামে মামলায় আছে। কিন্তু নিজেকে দেখতে ভুলে গেছে।
বাড়িওয়ালা বলে,‘এই মাসের ভাড়া দেন। না দিলে মালপত্র রাস্তায় ফেলে দেবো। রহিম বলে,‘ভাড়া দিতে পারবো না, মালপত্রও নেই।আপনি আমাকে রাস্তায় ফেলুন।’
ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল। রহিম যায়নি।ছেলের রিপোর্ট কার্ডে লেখা-“Father Unknown”, রহিম চুপচাপ হাঁটে, হাঁটতে হাঁটতে ওর মনে হয় পৃথিবীতে বাবাদের খুব কমই চেনা যায়।
রহিম এখন মাঝেমাঝে রাতে জেগে উঠে নিজের বুকের শব্দ শুনে, যেন ভেতরে কেউ দরজা বন্ধ করে কাঁদছে।সে বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ে, ‘রহিম, তুমি কি কাঁদছো?’ কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না।
একদিন হঠাৎ তার ছেলেটা বলে,আব্বু, আমি বড় হয়ে কষ্ট করবো না, ঠিক আছে? ’রহিম মাথা নাড়ে, কিছু অভিশাপের উত্তর কেউ দেয় না। শুধু বলে,তুই কষ্ট না করলেই আমার জীবনটা সার্থক।’ছেলেটা বুঝে না, রহিম তখন একই সাথে কাঁদে আর হাসে।