খোঁড়া সেপাইয়ের স্বপ্ন
একদিন, এই শহরের কোণে আমরা মুখোমুখি হলাম
টিনের খোঁড়া সেপাইয়ের মত,নিঃশব্দে দাঁড়িয়ে, একপায়ে।
তুমি ছিলে দূরের দুর্গের আলোয় কাচের পুকুরে মোমের হাঁস,
আমি শুধু ছায়ার নিচে,ভাঙা টিনের শরীরে শীতল অপেক্ষা।
চোখে পলক নেই তবু কথা হলো না কোনোদিন,
কারণ ভালোবাসার আগে পা’য়ের মাপ দেখে নেয় শহর।
দূরের মেয়ে, দূরের তারা,এখান থেকে ছুঁতে যাওয়া মানেই
পোড়ে যাওয়া একদিনের টিনের শরীর।
তবু সারাদিন,সারারাত,তোমার দিকে একটা অসম্পূর্ণ হাত বাড়িয়ে রাখি
আমি সেপাই শেষবার জানালার ধারে দাঁড়িয়েছিলাম এক পা-এ ভর করে,
যেভাবে স্বপ্নরা দাঁড়িয়ে থাকে শেষ পাতার ঠিক আগের শব্দে।
তুমি তখনও দুর্গের দরজায় নাচের এক বাঁকা ভঙ্গিমায়,
যেন ঠিক এই মুহূর্তেই চলেই যাবে কোনো অজানা দেশে।
হঠাৎ এক দুপুরে,বাতাসে উড়ে গিয়ে পড়লাম জানালার নিচে,
সেখানে পুরনো নর্দমাজল জমে আছে,
মোমের হাঁসেরা সাঁতরে বেড়ায় সেখানে আজও।
টিনের শরীর ডুবে গেল ধীরে ধীরে অপেক্ষা, অভিমান আর অসম্পূর্ণতা নিয়ে।
তখন কেউ জানে না,জলের নিচে কীভাবে খোঁড়া সেপাই ঘুমোয়,
তার বুকের ভেতর পকেটে গুঁজে রাখা একটা ছোট্ট কাগজে লিখে রেখেছিল
"তোমার পায়ের নাচে আমার সমস্ত যুদ্ধ থেমে যায়।"
মোমের হাঁসেরা সেই কাগজ এখন ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূর কোনো নদীর দিকে,
যেখানে অচেনা নামের কেউ দাঁড়িয়ে আরও একবার পড়ে নেয় সেই অদেখা কবিতা।