একাডেমি গ্রাউন্ডে এখন আর আলীকে দেখে কেউ হাসে না।
বরং সে যখন তার সাদা 'জুলফিকার' সোর্ড দিয়ে প্র্যাকটিস ডামিকে আঘাত করে, কাঠের টুকরো ছিটকে যায় আর আশেপাশে থাকা ক্যাডেটরা একটু সমীহ করেই দুই পা পিছিয়ে যায়।
ট্রেনিংয়ের বিরতিতে আলী হাঁটুতে ভর দিয়ে ঘাম মুছছে।
হঠাৎ পিঠে এক ঝলক তপ্ত বাতাস।
"হেই, জিরো-টু-হিরো!"
আয়িশা কফির কাপে ফুঁ দিয়ে ধোঁয়া উড়াল আলীর মুখের দিকে।
লাল চুলগুলো সকালের রোদে জ্বলন্ত আগুন।
"শুনলাম তোমার ওই ভদ্র তলোয়ারটা নাকি এখন মালিকের হুকুম মতো রূপ বদলায় ?
ভালোই তো।
ওটাকে চামচ বানিয়ে আমার কফিটা গুলিয়ে দাও তো।
চিনি গলছে না।"
আলী ঘাম মুছতে মুছতে তলোয়ারটা নামাল। আয়িশার কাপের দিকে একবার তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটল।
"জুলফিকার দিয়ে চামচ চাইলেই বানানো যায়(আসলে যায়না), আয়িশা।
কিন্তু সমস্যা হলো, জুলফিকার বদমেজাজি মেয়েদের কাছে যেতে চায় না।
যদি মেজাজের আগুনে পুরে যায় ।"
কথাটা শেষ হওয়ার আগেই সাঁ করে একটা ছোট আগুনের গোলা উড়ে এল।
আলী চোখ না তুলেই ডজ করল ঠং।
গোলাটা ছিটকে পাশের ঘাসে পড়ে পোড়া দাগ ফেলল।
"আয়িশা।"
শান্ত গলাটা পেছন থেকে এল। ফাতিমা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে পাশে এসে দাঁড়াল। চোখ একবারও বই থেকে তুলল না।
"কালকের মানা কন্ট্রোল টেস্টে তুমি ২ নম্বরে ছিলে, আর আমি ১ নম্বরে।
আজ এভাবে আগুন না ছুড়ে নিজের মানা কন্ট্রোল প্র্যাকটিস করলে হয়তো সামনের বার ১ নম্বরে থাকতে পারবে।"
আয়িশার ফর্সা মুখ মুহূর্তে টমেটোর মতো লাল হয়ে উঠল। রাগে না কফির গরমে, বোঝা গেল না।
"উফ! পারফেক্ট ফাতিমা আর তার লেকচার! তুমি কি রাতে বই জড়িয়ে ঘুমাও নাকি?"
ফাতিমা এবার বই থেকে চোখ তুলল। শান্ত দৃষ্টি আয়িশার ওপর, তারপর আলীর ঘাম ঝরানো মুখের দিকে । কিছু বলল না। শুধু মৃদু হেসে হাঁটা দিল ট্রেনিং গ্রাউন্ডের অন্য প্রান্তে।
আলী দুজনের যাওয়া-আসা দেখল। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল,
“একজন আগুন আরেকজন বরফ, দুইজন এর ক্যারেক্টর সম্পুর্ণ বিপরিতমুখি”
অপরদিকে
পাহাড়ের গা ঘেঁষে থাকা গভীর, নির্জন এক গিরিখাতের আড়ালে লুকিয়ে আছে এক গুহা। বাইরে হয়তো হাড়কাঁপানো ঠান্ডা বাতাস বইছে, অথবা বুনো ঝোপঝাড়ের ফাঁকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে কিন্তু গুহার ভেতরে সময় যেন থমকে আছে। স্যাঁতসেঁতে পাথরের দেয়াল বেয়ে চুঁইয়ে পড়া পানির ফোঁটাগুলো নিচে পড়ে তৈরি করছে এক অদ্ভুত, একঘেয়ে ছন্দ
টুপ... টুপ... টুপ...।
গুহার ভেতরের বাতাস ভারী, তাতে পুরোনো ধুলো, পোড়া মোমের গন্ধ আর এক ধরনের শীতল রহস্য মিশে আছে। মশালের ক্ষীণ, কাঁপা কাঁপা আলোয় দেয়ালের খাঁজগুলো দানবীয় ছায়ার মতো কেঁপে কেঁপে উঠছে।
ঠিক সেই অন্ধকারের বুক চিরে ভেতরে প্রবেশ করলেন এক ব্যক্তি। তার গায়ে পায়ের পাতা পর্যন্ত লম্বা এক কালো আলখাল্লা। আলখাল্লার হুড মাথায় টানা, ফলে মুখের অবয়ব অন্ধকারে অস্পষ্ট। তিনি যখন পা ফেলেন, পাথরের মেঝেতে তার বুটের শব্দ প্রতিধ্বনিত হয়ে গুহার গভীরে মিলিয়ে যায়।
গুহার বিশাল কক্ষের মাঝখানে একটি অর্ধবৃত্তাকার মঞ্চে সাজানো আছে সাতটি বিশাল, কারুকার্যময় সিংহাসন। কালো পাথর আর পুরোনো ধাতুর তৈরি সেই সিংহাসনগুলোর ছয়টিতে ছয়জন ব্যক্তি বসে আছেন। প্রত্যেকের পরনেই ছায়া-ঢাকা পোশাক, ঘন অন্ধকার আর মশালের স্বল্প আলোয় কারও মুখের স্পষ্ট রেখা বোঝার উপায় নেই। শুধু মাঝে মাঝে কারও চোখের ক্ষীণ আলো বা পোশাকের ভাঁজটুকু চোখে পড়ে। আর সপ্তম সিংহাসনটি যেটি একপাশে কিছুটা আলাদা সম্পূর্ণ খালি পড়ে আছে, যেন কোনো অনুপস্থিত মালিকের অপেক্ষায়।
কালো আলখাল্লা পরিহিত ব্যক্তিটি মঞ্চের সামনে এসে থামলেন। তার কাঁধ কিছুটা ঝুঁকে এলো, মাথা নত করলেন তিনি গভীর সম্ভ্রম ও কিছুটা শঙ্কার সাথে।
“লর্ড-১,”
কণ্ঠস্বরে চাপাকৃত উত্তেজনা ও দুশ্চিন্তা,
“আমাদের একটি আস্তানায় হামলা হয়েছে। সেখানের কেউই আর জীবিত নেই। খুব সম্ভবত আমাদের আরও কয়েকটি আস্তানার ঠিকানা ফাঁস হয়ে গেছে।”
কথাগুলো গুহার বাতাসে ভেসে বেড়াতেই চারপাশে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। শুধু দেয়াল চুঁইয়ে পড়া পানির ফোঁটার শব্দটা যেন হঠাৎই অনেক বেশি স্পষ্ট হয়ে উঠল।
সবার মাঝখানে থাকা প্রধান সিংহাসনে বসে থাকা ব্যক্তিটি ধীরে নড়ে উঠলেন। তার কণ্ঠে জমে থাকা ক্রোধ যেন পাথর ঘষার মতো গম্ভীর ও কর্কশ হয়ে বেজে উঠল,
“কার এত বড় দুঃসাহস যে আমাদের আস্তানায় হামলা করে?”
আলখাল্লা পরিহিত ব্যক্তিটি ঢোঁক গিললেন। ভয়ে তার গলা যেন শুকিয়ে এসেছে, তবুও কাঁপা কাঁপা স্বরে উত্তর দিলেন,
“খেলাফত-এ-আজম-এর ব্রিগেডিয়ার মাহমুদ...”
নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই গুহার পরিবেশ যেন বদলে গেল।
৫ নম্বর সিংহাসনে বসে থাকা ব্যক্তিটি বিদ্যুৎগতিতে সোজা হয়ে বসলেন। তার কণ্ঠস্বর শুনে কোনো তরুণ বালকের কথা মনে হয় তীক্ষ্ণ, উত্তেজিত আর আবেগে ভরা। অন্ধকারের ভেতর থেকেই তার ক্রোধ ফেটে পড়ল,
“ব্রিগেডিয়ার মাহমুদ!! লর্ড-১, অনুমতি দিন, আমি এখনই তাকে হত্যা করব!”
তার কণ্ঠে তরুণ বয়সের উদ্ধত তেজ আর প্রতিশোধের আগুন স্পষ্ট। অন্ধকারে তার হাতের মুঠো শক্ত হয়ে ওঠার শব্দ শোনা গেল।
মাঝখানের সিংহাসনে বসা লর্ড-১ হাতের সামান্য ইশারায় তাকে থামালেন। তার কণ্ঠে এবার ক্রোধের চেয়েও বেশি শীতল হিসেবনিকেশ আর সতর্কতা,
“শান্ত হও। আবেগে ভেসে গেলে চলবে না। এখনো আমরা ব্রিগেডিয়ার মাহমুদ বা জেনারেল জুনাইদ আল-ফাতাহ-এর মতো যোদ্ধাদের সাথে সরাসরি লড়াই করার জন্য প্রস্তুত নই”
তিনি একটু থামলেন। মশালের আলোয় তার অবয়ব আরও রহস্যময় দেখায়। “আমাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ধৈর্য ধরো, সময় হলে সব হিসাব চুকানো হবে।”
লর্ড-১-এর কথা শেষ হতে না হতেই ২ নম্বর সিংহাসনে বসা ব্যক্তিটি নড়ে উঠলেন। অন্ধকারের ভেতর ধাতুর ওপর ধাতু ঘষার তীক্ষ্ণ, শীতল শব্দ শোনা গেল
শিস... খট...।
তিনি নিজের তরবারিতে শান দিচ্ছেন। শান দেওয়ার প্রতিটি টানে যেন এক অদ্ভুত নির্মমতা লুকিয়ে আছে।
শান্ত কিন্তু ধারালো কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন,
“তা এখন আমাদের পরিকল্পনা অনুযায়ী কাকে টার্গেট করা উচিত?”
গুহার ভেতর আবারও সেই ভারী নীরবতা। ছয় জোড়া চোখ যেন অন্ধকার ভেদ করে ১ নম্বর সিংহাসনের দিকে তাকাল।
১ নম্বর সিংহাসনে বসে থাকা ব্যক্তিটি ধীরে, খুব ধীরে মাথা তুললেন। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু প্রতিটি শব্দে যেন বিষ মাখানো—
“ফাতিমা আল-ফাতাহ...”
[১২তম পর্ব সমাপ্ত]