Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ১৮

November 21, 2026

13 views

পাহাড়ের চূড়ায় তখন কুয়াশার রাজত্ব। আলী কতক্ষণ ধরে পাথরের মতো স্থির হয়ে বসে আছে, তার কোনো হিসেব নেই। হাড়কাঁপানো শীতেও তার কপাল বেয়ে ঘাম ঝরছে। সার্জেন্ট হাসান কয়েক হাত দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে তাকে দেখছেন। হাসানের একেকটা চাহনি যেন আলীর মনের ভেতরকার অস্থিরতা মেপে নিচ্ছে।


হঠাৎ আলীর শিরদাঁড়া বেয়ে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। এটা কোনো ব্যথা নয়, বরং বরফগলা জলের মতো শীতল এক স্রোত। আলীর বন্ধ চোখের পাতায় ভেসে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য সে দেখল তার চারপাশের বাতাস আর ফাঁকা নেই। সেখানে কোটি কোটি নীল আর সোনালী আলোর বিন্দু নেচে বেড়াচ্ছে।


আলী বুঝতে পারল, এই সেই 'নূর প্রকৃতির আদি শক্তি, যা সারা পৃথিবীতে মিশে আছে। এতদিন সে নূরহীন বলে সবার কাছে 'অকেজো' তকমা আর তুচ্ছতাচ্ছিল্য শুনেছে, কিন্তু সার্জেন্ট হাসানের শেখাানো সেই বিশেষ 'প্রাণ-নিঃশ্বাস' আজ তার চোখ খুলে দিয়েছে। 


সে এখন প্রকৃতি আর নিজের শরীরের ভেতরের শক্তির সংযোগটা স্পষ্ট অনুভব করতে পারছে।

হাসান এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর আজ গম্ভীর কিন্তু তাতে কিছুটা উৎসাহের ছোঁয়া।


"আলী, অনুভব করতে পারা মানে কেবল শিকারকে দেখা। কিন্তু একজন সত্যিকারের যোদ্ধাকে শিখতে হয় কীভাবে সেই শিকারকে মুঠোয় নিতে হয়"।


হাসান আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, "এখন তোমার পরীক্ষা তিন ধাপে: সঞ্চয় (Store), নিয়ন্ত্রণ (Control) এবং মুক্তি (Release)"।


ধাপ ১: সঞ্চয় (Storing)


পরবর্তী কয়েক দিন আলীর ওপর দিয়ে এক কঠিন ধকল গেল। হাসান তাকে নিয়ে গেলেন এক বিশাল জলপ্রপাতের নিচে। পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়া প্রচণ্ড জলের তোড়ে আলীর শরীর দুমড়ে-মুচড়ে যেতে চাইছে।


হাসান চিৎকার করে বললেন, "আলী, দম নাও! চারপাশের নূরকে নিজের ভেতরে টেনে নাও!"।


প্রথমে নূরগুলো আলীর শরীরে ঢুকতেই আবার অবাধ্য হয়ে বেরিয়ে যাচ্ছিল। আলীর মনে হচ্ছিল তার শরীরের শিরাগুলো বুঝি এখনই ফেটে যাবে। কিন্তু সে দাঁতে দাঁত চেপে লড়ে গেল। 


তার সেই পুরনো স্বপ্নটা মনে পড়ল সে এক সময় এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হতে চেয়েছিল। এই জেদটাই তাকে শক্তি দিল। সে নূরকে তার নাভির ঠিক ওপরের একটা বিন্দুতে জমা করতে শুরু করল। হাসান দূর থেকে দেখলেন, প্রপাতের জলের ঝাপটার মাঝেও আলীর সারা শরীরে একটা পবিত্র সোনালী আভা ফুটে উঠছে। সে অবশেষে নিজের শরীরে নূর বা অরা সঞ্চয় করতে শিখে গেছে।



 ধাপ ২: নিয়ন্ত্রণ ( Control)


সঞ্চয় করার পর এল সেটাকে বশে আনার পালা। হাসান আলীর সামনে দশটি জ্বলন্ত মোমবাতি রাখলেন।


"এখন তোমার ভেতরে জমানো অরাকে আঙুলের ডগা দিয়ে বের করে আনো। খুব সূক্ষ্মভাবে, ঠিক যেন পাতলা সুতোর মতো। কিন্তু সাবধান আগুন নেভানো যাবে না, কেবল শিখাটাকে নিজের ইচ্ছামতো নাড়াতে হবে"।


শুরুতে আলী বারবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। কখনো শিখা দপ করে নিভে যাচ্ছিল, কখনো অতিরিক্ত শক্তিতে মোমবাতিই গলে যাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে আলীর আঙুলের ডগায় এক রূপালী আলোর রেখা ফুটে উঠল। 


সে এখন তার অরাকে শরীরের যেকোনো অঙ্গে নিখুঁতভাবে প্রবাহিত করতে পারছে। তার ইশারায় মোমবাতির শিখাগুলো ডানে-বামে দুলতে শুরু করল।


ধাপ ৩: মুক্তি (release)


সবশেষে এল শক্তির চরম বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা। হাসান আলীকে নিয়ে গেলেন এক বিশালাকার কালো পাথরের সামনে।


"এতক্ষণ তুমি শক্তি জমিয়েছ আর বশ করেছ। এবার দেখাও সেই শক্তি দিয়ে তুমি কী করতে পারো।"


আলী তার সমস্ত অরাকে ডান হাতের তালুতে ঘনীভূত করল। তার চোখ এখন নূরের আলোয় জ্বলজ্বল করছে। প্রথম কয়েকবার কোনো শব্দ ছাড়াই শক্তিটুকু বাতাসে মিলিয়ে গেল। হাসান পাশ থেকে বলে উঠলেন, 


"শক্তিকে কেবল পেশি দিয়ে ঠেলো না আলী, তাকে তোমার সংকল্পের সাথে মিশিয়ে দাও।" 


আলী এক বুকফাটা হুঙ্কার দিয়ে পাথরের ওপর আঘাত করল। মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে গেল। পাথরে কোনো ফাটল ধরল না, কিন্তু ঠিক এক সেকেন্ড পর বিশাল পাথরটি ভেতর থেকে ধুলো হয়ে ঝুরঝুর করে ভেঙে পড়ল। এটিই ছিল নিখুঁত 'অরা-পাঞ্চ'।


সূর্যাস্তের আলোয় আলী এখন পাহাড়ের ঢালে শুয়ে আছে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে ঠিকই, কিন্তু নিজেকে তার আগের চেয়ে অনেক বেশি হালকা মনে হচ্ছে। সে যখন চোখ মেলল, তার দৃষ্টি এখন প্রখর আগুনের মতো তেজস্বী।

সার্জেন্ট হাসান এগিয়ে এসে আলীর পাশে বসলেন। 


"অভিনন্দন আলী। তুমি আর কেবল একজন নূরহীন ক্যাডেট নও। আজ থেকে তুমি একজন 'নূর যোদ্ধা'। কিন্তু মনে রেখো, সঞ্চয়, নিয়ন্ত্রণ আর মুক্তি এই তিনটি কেবল প্রথম ধাপ। তোমাকে আরও অনেক সিঁড়ি চড়তে হবে"।


[১৮তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login