বনের দক্ষিণে, পাথুরে এক গুহার ভেতর বসে আছে টিম-২২। বাইরে অন্ধকার, ভেতরে চলছে ষড়যন্ত্র। লিডার শায়লা ‘হিলিং পিলার ব্রিগেডিয়ার জাকিয়ার নাতনী হিসেবে পরিচিত।
সে হাতের ক্রিস্টাল শিশি থেকে এক ফোঁটা গাঢ় বেগুনি তরল মাটিতে ফেলল।
"ওরা দক্ষিণ-পূর্বে ক্যাম্প করেছে," শায়লা ফিসফিস করল।
"টিম সেভেন।
নূরহীন, দজ্জাল ড্রাগন আর আয়রন লেডি। ওদের শক্তি আছে কিন্তু পেটে খিদা পেলে বুদ্ধি কাজ করবে না।"
পাশে বসা মনস্টার টেমার যাকে সবাই ‘বাঁশিওয়ালা’ নামে ডাকে কোমর থেকে হাড়ের বাঁশি বের করে এক অদ্ভুত সুর তুলল। সেই সুরে বশ মেনে তিনটি খরগোশ ঝোপ থেকে বেরিয়ে এল। শায়লা খরগোশগুলোর কপালে আঙুল ছোঁয়াল ‘ইলিউশন কার্স’। এটি বিষ নয়, বরং একটি বিভ্রম তৈরির জাদু। খাওয়ার আট মিনিট পর এটি সক্রিয় হবে এবং মানুষের মগজ দখল করে নেবে।
শায়লা হাসল, "যাও, ওদের ক্ষুধার রাজ্যে বিষ ঢেলে দিয়ে এসো। আর রাফি?"
অন্ধকার কোণ থেকে টিম-২২ এর তৃতীয় সদস্য রাফি নড়ে উঠল। সে একজন দক্ষ আততায়ী (Assasin)।
শায়লা তাকে নির্দেশ দিল, "ওরা যখন পাগল হয়ে যাবে, তখন তুমি পতাকা নিয়ে আসবে। লড়াই করার দরকার নেই, শুধু কাজ শেষ করে পালাবে।" রাফি মাথা নেড়ে দেয়ালের সাথে মিশে গেল।
আলী, ফাতিমা আর আয়িশা তিনজনের পেটে গত ১৮ ঘণ্টা ধরে শুধু পানি আর বাতাস পড়েছে। হঠাৎ ঝোপ থেকে তিনটি খরগোশ লাফিয়ে বের হয়ে সামনে এসে দাঁড়াল। যেন তারা বলছে ‘আমাদের খাও’।
"আলী! ডিনার রেডি!" আয়িশা খুশিতে লাফিয়ে উঠল।
আলীও দেরি করল না। সে দ্রুত গতিতে খরগোশ তিনটিকে ধরে ফেলল। কিন্তু ফাতিমা খরগোশগুলো হাতে নিয়ে গভীর দৃষ্টিতে পরীক্ষা করল।
"অদ্ভুত," সে বিড়বিড় করল।
"কী অদ্ভুত? খিদা লেগেছে, এখন খাও!" আয়িশা ফায়ার ম্যাজিক দিয়ে আগুন জ্বালাতে শুরু করল।
ফাতিমা বলল, "বনের এই গভীরে কোনো বন্য প্রাণী মানুষকে দেখে সারেন্ডার করে না। এটা স্বাভাবিক নয়। নিশ্চয়ই কোনো ফাঁদ।"
আয়িশা খেপে গিয়ে বলল,
"ফাতিমা, তুমি সবসময় বইয়ের মূখস্ত কথা বলো কেন? প্রকৃতি আমাদের উপহার পাঠিয়েছে, আর তুমি সেটা ফিরিয়ে দিচ্ছ?"
সে মাংস ঝলসাতে শুরু করল। পেটের টানে আলীও আর না করতে পারল না। ফাতিমা দীর্ঘশ্বাস ফেলে মেনে নিল,
"ঠিক আছে, কিন্তু খুব সাবধানে।"
মাংস খাওয়ার সাত মিনিট পর।
আয়িশা হঠাৎ মাথা ঝাঁকাল। সে আকাশের দিকে আঙুল তুলে হাসতে শুরু করল,
"আলী! দেখ! জঙ্গলটা গোলাপি হয়ে যাচ্ছে! আর গাছগুলো তালি দিচ্ছে! ওরা আমাদের অভিনন্দন জানাচ্ছে!"
সে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে শুরু করল।
"আমি গাছের সাথে নাচব!"
ফাতিমা উঠে দাঁড়াল, কিন্তু তার হাত কাঁপছে। সে চারদিকে তাকিয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠল,
"আলী! পালাও! শ্যাডো টাইটানরা আমাদের ঘিরে ফেলেছে! বিশটা টাইটান!"
সে শূন্যে তলোয়ার চালাতে লাগল।
আলী হতভম্ব। তার সামনে আয়িশা গাছের সাথে কথা বলছে আর ফাতিমা বাতাসের সাথে লড়াই করছে। কিন্তু আলীর নিজের কিছু হয়নি।
"আয়িশা! ফাতিমা! থামো! ওখানে কিছু নেই!" আলী দুজনের মাঝখানে দাঁড়িয়ে চেঁচাল। কিন্তু আয়িশা এখন আলীর জামা ধরে হাসছে,
"আলী! তোর মাথায় ড্রাগনের শিং গজিয়েছে! কী মিষ্টি!"
ফাতিমা এবার আলীর দিকেই তলোয়ার তাক করল,
"সরে যা টাইটান! আলীকে খেতে দেব না!"
আলী যখন আয়িশাকে সামলাতে ব্যস্ত, তখনই বাতাসের মতো নিঃশব্দে গাছের ছায়া থেকে নেমে এল রাফি।
সে ১০ মিনিট ধরে তাদের ওপর নজর রাখছিল। আলীর কোমর থেকে সোনালি পতাকাটি সে অত্যন্ত নিপুণভাবে সরিয়ে নিল। আলী টেরই পেল না।
রাফি পতাকা নিয়ে দ্রুত গাছ বেয়ে ওপরে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে সে ঘুরে দাঁড়িয়ে হাসল,
"ধন্যবাদ টিম সেভেন! লড়াই ছাড়া লুটের মজাই আলাদা। বিদায়, নূরহীন!"
আলী এবার পেছনে ফিরল, কিন্তু দেরি হয়ে গেছে। সে দেখল একটি ছায়া পতাকা নিয়ে বনের গভীরে মিলিয়ে যাচ্ছে।
"না! দাড়াও!"
আলী পিছু নিতে চাইল, কিন্তু আয়িশা তার পা জড়িয়ে ধরল।
"যেও না! গাছগুলো রাগ করবে!"
ফাতিমা অন্যদিকে ঝোপঝাড় কুপিয়ে চলেছে।
আলী মাঝখানে অসহায় দাঁড়িয়ে রইল। পতাকা নেই, তার দুই সঙ্গী বিভ্রমের ঘোরে পাগলপ্রায়। সামনে রাত বাড়ছে, আর শত্রুরা এখন তাদের পতাকা নিয়ে ধরাছোঁয়ার বাইরে।
[২৪তম পর্ব সমাপ্ত]