Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৫০

November 23, 2026

9 views

স্থান: সেক্রেড আর্মি হেডকোয়ার্টার (গ্র্যান্ড কাউন্সিল হল)।


ব্রিগেডিয়ার মাহমুদের প্রবেশের ঠিক আগমুহূর্তে হলের ভেতরের পরিবেশ ছিল বেশ উত্তপ্ত। পরবর্তী জেনারেল কে হবেন এই প্রশ্নটি সবার মনে বিষের মতো বিঁধছিল।


খলিফা ওমরান বিন আসাদ: (গম্ভীর স্বরে) তাহলে আমরা কি মূল আলোচনা শুরু করতে পারি? জেনারেল জুনাইদের শূন্যস্থান পূরণ করা সহজ নয়, কিন্তু খিলাফত নেতৃত্বের অভাবে ভেঙে পড়তে পারে না। ব্রিগেডিয়ার শাহীন, আপনার নাম তালিকার শীর্ষে আছে।


ব্রিগেডিয়ার শাহীন: (বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে) ক্ষমা করবেন খলিফা। আমি রণক্ষেত্রে লড়তে জানি, কৌশল সাজাতে জানি। কিন্তু নেতৃত্ব? না। আমি অর্ডার দেওয়ার চেয়ে অর্ডার পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। জেনারেলের মুকুট আমার জন্য বড্ড ভারী। আমার নাম তালিকা থেকে বাদ দিন।


খলিফা একটু অবাক হলেন, তারপর তাকালেন ব্রিগেডিয়ার জাকিয়ার দিকে। জাকিয়া খিলাফতের অন্যতম বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ যোদ্ধা।


ব্রিগেডিয়ার জাকিয়া: (কাশতে কাশতে) খলিফা, আমার বয়স হয়েছে ,  আমার শরীরের হাড়গুলো এখন আর আগের মতো সায় দেয় না। এই বয়সে এসে জেনারেলের কঠিন দায়িত্ব নেওয়াটা কতটুকু যৌক্তিক হবে, তা ভেবে দেখার অনুরোধ করছি। আমার মনে হয় তরুণ বা অধিক শক্তিশালী কারোর নাম আসা উচিত।


খলিফা ওমরান: তাহলে কি ব্রিগেডিয়ার শওকত...?


কথাটা শেষ করার আগেই হলরুমের এক কোণে বসা ইন্টেলিজেন্স অফিসার দাঁড়িয়ে গেলেন।


অফিসার: খলিফা, ব্রিগেডিয়ার শওকত বর্তমানে সামরিক হেফাজতে আছেন। প্রয়াত জেনারেল জুনাইদ আল-ফাতাহ এর রহস্যময় হত্যাকাণ্ডে তার এবং তার ছেলে বুলির জড়িত থাকার জোরালো প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি অযোগ্য।


পুরো ঘরে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এল। একে একে যোগ্য সবার নাম কাটা যাচ্ছে। খলিফা ওমরান তখন ধীরে ধীরে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি।


খলিফা ওমরান: আমার মনে হয় আমরা একজনের নাম নিতে ভুলে গেছি। এমন একজন, যার শক্তির সামনে শত্রুরা তো দূর, খোদ প্রকৃতিও মাথা নত করে।


ঠিক সেই মুহূর্তেই গ্র্যান্ড হলের বিশাল দরজা দুটো কোনো শব্দ ছাড়াই খুলে গেল।

বাতাসে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন এল। হলের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল মুহূর্তেই। সেভেন পিলারের মতো শক্তিশালী যোদ্ধারাও অনুভব করলেন তাদের বুকের ওপর কেউ যেন পাথর চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সবার। দেওয়ালে থাকা মোমবাতিগুলোর শিখা নীলচে হয়ে কাঁপতে লাগল।


(পর্ব ৫০ সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login