ধীর অথচ রাজকীয় পদক্ষেপে ভেতরে প্রবেশ করলেন ব্রিগেডিয়ার মাহমুদ। তার কালো ক্লোকটি মেঝেতে ঘষটে যাওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তার উপস্থিতিই যেন পুরো কক্ষের অক্সিজেন শুষে নিচ্ছে। সবার চেহারায় তখন স্পষ্ট অস্বস্তি আর ভয়ের ছাপ।
ব্রিগেডিয়ার মাহমুদ: (খলিফার সামনে গিয়ে দাঁড়ালেন, কণ্ঠস্বর বরফের মতো শীতল) দেরিতে আসার জন্য দুঃখিত, খলিফা। তবে আমি বেশিক্ষণ থাকব না। দ্রুতই ফিরে যেতে হবে।
ব্রিগেডিয়ার জাকিয়া এই ঔদ্ধত্য সহ্য করতে পারলেন না। তিনি টেবিল চাপড়ে বলে উঠলেন।
ব্রিগেডিয়ার জাকিয়া: কি এমন কাজে আপনি সারাক্ষণ ব্যস্ত থাকেন মাহমুদ? না আপনাকে গুরুত্বপূর্ণ মিটিংয়ে পাওয়া যায়, না আপনি জেনারেলের জানাজায় উপস্থিত ছিলেন! আপনি কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন?
মাহমুদ শান্তভাবে ঘাড় ফেরালেন। তার চোখের মণি দুটি যেন আগুনের গোলক, যা সরাসরি জাকিয়ার আত্মার ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে।
ব্রিগেডিয়ার মাহমুদ: (শান্ত অথচ তীক্ষ্ণ স্বরে) আমি খলিফা এবং জেনারেল ছাড়া আর কাউকে উত্তর দিতে বাধ্য নই, জাকিয়া। আপনি যদি জেনারেলের পদে বসতে পারেন, সেদিন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেব। তার আগে নয়।
জাকিয়া অপমানে লাল হয়ে বসে পড়লেন। খলিফা পরিবেশ শান্ত করতে চাইলেন।
খলিফা ওমরান: মাহমুদ, আজ আমরা পরবর্তী জেনারেল নির্বাচন করছি। আমার সিদ্ধান্ত আপনি হবেন খিলাফতের পরবর্তী জেনারেল। আপনার নূরশক্তি এবং অভিজ্ঞতা আমাদের জন্য অনিবার্য।
মাহমুদ এক মুহূর্তও ভাবলেন না। সরাসরি অস্বীকৃতি জানালেন।
ব্রিগেডিয়ার মাহমুদ: না। আমি জেনারেল হতে আসিনি। আমার পরামর্শ থাকবে, আপনি জাকিয়াকেই এই পদে বসান। অভিজ্ঞতাই এখন খিলাফতের সবচেয়ে বড় ঢাল। তবে... আমি আজ এখানে এসেছি অন্য একটি ঘোষণা দিতে।
পুরো ঘরের মানুষের উৎসুক দৃষ্টি তার ওপর নিবদ্ধ হলো।
ব্রিগেডিয়ার মাহমুদ: আমি আমার জীবনের প্রথম শিষ্য (ডিসাইপল) বাছাই করেছি।
সবাই যেন আকাশ থেকে পড়ল। ব্রিগেডিয়ার মাহমুদ কোনোদিন কাউকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। এমনকি খিলাফতের বড় বড় বংশের উত্তরাধিকারিরাও তার পায়ের কাছে জায়গা পায়নি।
ব্রিগেডিয়ার শাহীন: (বিস্ময়ে) কাকে পছন্দ করেছেন আপনি? কে সেই সৌভাগ্যবান?
ব্রিগেডিয়ার মাহমুদ:ক্যাডেট আলী।
কক্ষ জুড়ে আবার পিনপতন নীরবতা। কয়েক সেকেন্ড পর ফিসফাস শুরু হলো। কিছুক্ষণ আগেই সেভেন পিলারের সদস্যরা ফাতিমা আর আলীকে নিজেদের দলে ভেড়াতে রীতিমতো তর্কে মেতেছিলেন। তারা জানতেন আলীর মধ্যে অদ্ভুত কোনো ক্ষমতা আছে। কিন্তু মাহমুদের মুখে এই নাম শুনে সবার সব পরিকল্পনা ধুলোয় মিশে গেল।
কেউ প্রতিবাদ করার সাহস পেল না। কারণ সবাই জানে, সেভেন পিলারের সাতজন সদস্য যদি একজোট হয়েও মাহমুদের ওপর আক্রমণ করে, তবুও তার বর্মের একটা আঁচড়ও তারা কাটতে পারবে না। মাহমুদের শক্তি সবার কল্পনার বাইরে।
মাহমুদ দরজার দিকে ফিরলেন। যাওয়ার আগে তিনি থেমে গিয়ে কাঁধের ওপর দিয়ে সবার দিকে একবার তাকালেন। তার নূরশক্তির এক ঝলক পুরো ঘরে ছড়িয়ে পড়ল, যা সবাইকে মনে করিয়ে দিল এই মানুষটি কতটা ভয়ানক।
ব্রিগেডিয়ার মাহমুদ: আমি আগামী ছয় মাস খেলাফতের বাইরে এক বিশেষ মিশনে থাকব। ফিরে এসে আমি আলীকে আমার সাথে নিয়ে যাব। এই ছয় মাস আলীর নিরাপত্তার দায়িত্ব আপনাদের। মনে রাখবেন, আমার শিষ্যের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তবে ব্রিগেডিয়ার মাহমুদ কাউকে ক্ষমা করবে না। সেটা খিলাফতের ভেতর হোক বা বাইরে।
মাহমুদ বেরিয়ে গেলেন। রুমের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল, কিন্তু সেভেন পিলারের সদস্যদের কপালে জমে থাকা ঘাম তখনো শুকায়নি। তারা বুঝতে পারলেন, আলীর ভাগ্য এখন থেকে খিলাফতের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় মানুষটির সাথে জড়িয়ে গেল।
(পর্ব ৫১ সমাপ্ত)