সম্প্রতি মার্কিন সংগীতশিল্পী ও নোবেলজয়ী গীতিকবি বব ডিলানকে নিজ সরকারি বাসভবনে আতিথ্য দিয়েছেন পোপ চতুর্দশ লিও। তাদের এই সাক্ষাতের সময় পোপকে নিজের আত্মজীবনী উপহার দেন ডিলান।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৪ নভেম্বর ভ্যাটিকান সিটিতে পোপের সরকারি বাসভবন অ্যাপোস্টলিক প্যালেসে পোপ চতুর্দশ লিও এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিলান। সে সময় তিনি পোপকে তার আত্মজীবনী ‘ক্রনিকলস: ভলিউম ওয়ান’ এর একটি কপি উপহার দেন। এর বিনিময়ে পোপ তাকে একটি জপমালা উপহার দেন।
সাক্ষাতের সময় ৮৫ বছর বয়সী নোবেলজয়ী এই গীতিকার কালো রঙের একটি পোশাক পরে মাথায় হুডি, হাতে গ্লাভস এবং সঙ্গে ছাতা নিয়ে উপস্থিত হয়েছিলেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্ম নেওয়া পোপের পরনে ছিল সম্পূর্ণ সাদা ধর্মীয় পোশাক। দুজনের পোশাকের এই বৈপরীত্য ছিল চোখে পড়ার মতো।
ডিলান এবং পোপ উভয়েরই সাহিত্য জগতে পদচারণা রয়েছে। বিশ্বের অন্যতম আইকনিক লোকসংগীতশিল্পী হিসেবে সুপরিচিত ডিলান ১৯৭১ সালে ‘টারানটুলা’ নামক একটি কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। তিনি ২০০৪ সালে তার আত্মজীবনী 'ক্রনিকলস: ভলিউম ওয়ান’ প্রকাশ করেন। এছাড়া ২০২২ সালে তার লেখা একটি প্রবন্ধ সংকলন ‘দ্য ফিলোসফি অব মডার্ন সং’ প্রকাশিত হয়।
এদিকে চলতি বছর পোপ লিও এর দুটি বই প্রকাশিত হয়েছে। তিনি মে মাসে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি এনসাইক্লিক্যাল বা পোপীয় বিশ্বপত্র ‘ম্যাগনিফিকা হিউম্যানিটাস’ এবং ফেব্রুয়ারিতে তার ভাষণ ও ধর্মোপদেশের একটি সংকলন ‘পিস বি উইথ ইউ!: মাই ওয়ার্ডস টু দ্য চার্চ অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড’ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বব ডিলান সর্বকালের অন্যতম প্রশংসিত গীতিকার। তিনি ১০টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন এবং আরও ৩৮ বার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি ২০১৬ সালে সাহিত্যে নোবেল প্রাইজ জিতেছিলেন। তিনিই প্রথম গীতিকার হিসেবে মর্যাদাবান এই পুরস্কারটি পান।