যেখানে প্রথম ফোঁটা পড়েছিল, সেই চৌকাঠের পাশে,
নীল ইটের নিচে সবুজ ঘাস, রং হারায় চুপি ত্রাসে।
ফ্যাকাশে হলদে সবুজ, আস্তে আস্তে নিভে যায় প্রাণ,
অন্ধকারে চাপা পড়ে থাকে, স্বপ্নের ছবি আর গান।
লাল শাড়িটাও বছরের পর বছর আলমারির কোণার অন্ধকারে,
সেই চাপা-পড়া ঘাসেরই মতো, ধুলোয় রং হারিয়েছিল ধীরে।
নীরবে মরতে বসা লালটাও, একটা ভোর, একটু আলো, সেই সবুজ খুঁজে ফেরে।
এবার জানালা খোলো,
আসুক স্নিগ্ধ ভোরের আলো,
ঘুচে যাক ভেতরের সব কালো।
আয়নার ওপারের সেই যে ফ্যাকাশে নিথর দেহ,
প্রথম রোদ ছুঁয়ে দিল তাকে, ঢেলে পরমস্নেহ।
ভ্যাম্পায়ার আলোয় অস্তিত্বের ভয়ে ছায়া খুঁজতে ছুটে,
ছোঁয়াচে ভাইরাস রোদে হার মানে, জোর যে তার টুটে।
সূর্যের তেজে লালসার লালা শরমে মরমে ক্ষয়,
সত্যের উত্তাপে ভাইরাসও আজ নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়।
লালসার ভাইরাস আলোয় না পায় ঠাঁই,
যার আছে আলো, তার আর কোনো ভয় নাই।
একদিন সেই লাল বাঁধন ছিঁড়ে বানাল সে শব্দের চাবুক,
ছাইয়ের রঙে কালি জড়িয়ে আগুন ধরিয়ে বুকে বাঁধুক।
কেউ আসেনি? কেউ দেখেনি!
সবুজ পাহাড়ে হেঁটে হেঁটে হারতে সে শেখেনি।
"না" বলার সাহসের মাস্ক হোক এবার মুখের প্রতিরোধ,
নিজের কলমই হোক পুষ্টি, করুক নিজেরই ঋণ শোধ।
পাখির সুরে সুর মিলিয়ে গাইল সে গান,
রোদের কণায় ফিরে এল আধমরা তার প্রাণ।
একা, তবু পাশে থাকুক নিজেরই বিশ্বস্ত হাত,
ভোর হলেই আশ্বস্ত সে, কেটে যাবে সংক্রমণের রাত।
✍🏻 সুলতানা আরজুমান