FF.
যাত্রা শুরু - য পথ দিয়ে চলা শুরু Book page

Chapter 1

যাত্রা শুরু - য পথ দিয়ে চলা শুরু

Nov 17, 2026 2 min read

২০০৪ সাল থেকে প্রতি বছর বন্ধুরা মিলে পিকনিক করতে যেতাম। মনে আছে সেই প্রথম শেরপুরের গজনীতে দশজন মিলে ২০০০ টাকা বাজেটে আমাদের প্রথম পিকনিক। তখনের সময় আমাদের জন্য পিকনিকের জায়গা বলতে গজনী, মধুটিলা, লাওচাপড়া এগুলোই ছিল ফিক্সড জায়গা। সেই ২০০০ টাকার পিকনিকের ধারাবাহিকতায় বিরিশিরি, দূর্গাপুর, লেংগুড়া, জাফলং, মধুটিলা, মধুপুর, লাওচাপড়া এসব জায়গায় ঘুরে বেড়াতে যেতাম। স্কুল, কলেজের বন্ধুদের বাইরে তখন খুব বেশি কারো সঙ্গে যোগাযোগও ছিলোনা, তেমন কাউকে নিয়েও যাওয়া হতোনা। বলে রাখা ভালো, যে এই বাজেটে কি কি থাকতো তা তো একবার জেনে নিনঃ সবার দুইবার খাওয়া, মাইক্রোবাস ভাড়া, ফিল্ম ক্যামেরায় ছবি তোলা, দ্বিতীয় বছর থেকে মিঠুন যোগ করেছিলো ভিডিও ধারণ। প্রতি বছরই আমাদের পিকনিকে ভিডিও করা হতো। এরপর পড়াশোনা, চাকরি, পরিবার, ট্যুরমেট না থাকা সব মিলিয়ে বেশ কয়েক বছর গ্যাপ পড়ে যায় ঘোরাঘুরিতে। তবুও ফাঁকে ফাঁকে কর্মস্থল থেকে কাছাকাছি সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, বগুড়া টাঙ্গাইল এসব জায়গায় মোটামুটি অব্যাহত থাকে আমার টুকটাক একা ঘোরাঘুরি। হাতে তখন সনির ডিজিটাল ক্যামেরা। অল্পস্বল্প ছবি ফেসবুকে আছে। অনেক ছবিই হার্ডডিস্কের সাথে উধাও হয়ে গেছে বিভিন্ন সময়। ধীরে ধীরে আমার কাজের পাশাপাশি ঘুরে বেড়ানোর জন্য সময় বের করতে থাকি। এরপর বন্ধু রিমন এর সাথে আবার শুরু হয় গ্রুপ ট্যুর। বান্দরবন, রাঙামাটি, নিঝুম দ্বীপ, সাজেক, সুন্দরবনসহ অসংখ্য জায়গায় ঘোরাঘুরি তখন পুরোদমে চলে আরকি। পুরোদমে মানে দেশের আনাচে কানাচে, কমন-আনকমন প্রচুর জায়গায় আমরা ঘুরে বেড়াই। রোমাঞ্চকর, মজাদার, স্মৃতিবিজড়িত সেসব ঘোরাঘুরি আজ অব্দি অব্যাহত রেখে যাচ্ছি। চেষ্টা থাকবে সবসময়।

এসব ঘোরাঘুরির রেকর্ড রাখা, বাংলাদেশের মানুষকে দেশের ভেতর ঘুরে বেড়াতে উদ্বুদ্ধ করা, মানুষের জীবনে বেঁচে থাকার জন্য ঘোরাঘুরিকে নেশাতে রুপান্তর করা, বিভিন্ন তথ্য সরবরাহ করা সহ নানান চিন্তা থেকে ২০১৭ সালে ২৫ ডিসেম্বরে "ঘুরে বেড়াই 🇧🇩 বাংলাদেশ" নামে একটা গ্রুপ খুলি। সেখানে নিজেদের ঘুরে বেড়ানোর ছবি, গল্প অল্প অল্প করে পোষ্ট করা হয়। নানান ব্যস্ততায় সময় না দিতে পারলেও দেশকে উপস্থাপন করতে কার্পণ্য করি না আমরা সকল টিমমেট।

প্রত্যেক ট্যুরে আমাদের সাথে অধিকাংশ পুরোনো মুখের সাথে যুক্ত হয় নতুন কিছু মুখ। ট্যুর শেষে তাদের প্রশান্তি পরবর্তী ট্যুরের জন্য আমাকে উদ্বুদ্ধ করে। যাহোক ভালো লাগে মানুষের মাঝে বেঁচে থাকার অনুপ্রেরণা দিতে, মানুষকে ঘুরে বেড়ানোর নেশা ধরাতে।

এখন আমাদের সমস্ত গ্রুপ ট্যুর "ঘুরে বেড়াই 🇧🇩 বাংলাদেশ" নামেই হয়। মাঝে মাঝেই ট্যুরে কিছু স্পন্সর যুক্ত হবার প্রয়াস ব্যাক্ত করেন। কখনো সম্ভব হয়, কখনো হয়না।

যাহোক, অনেক কিছুই লেখার বাকী। সেগুলো হয়তো কখনো লেখা হবে অথবা হবেনা।

আমাদের সকল স্মৃতিময় গল্পগুলো ঠিক পরের লেখা থেকেই পেয়ে যাবেন।

আজ এখান থেকেই "যাত্রা শুরু"।

Picked up where you left off

Conversation

(1)

Log in to join the conversation.