FF.
বিস্ময়ের হাওরে অকস্মাৎ ভ্রমণ Book page

Chapter 5

বিস্ময়ের হাওরে অকস্মাৎ ভ্রমণ

Nov 21, 2026 5 min read

মূলত প্ল্যান ছিলো জুবায়েরের। মাহিদ এর প্ল্যানে দুই ৩ রাত দুই দিনের ১৪ জনের জন্য করা টাঙ্গুয়ার হাওর ট্যুরে আমি ছিলাম একেবারেই আগন্তুক। ঠিক আগন্তুক নয়, একেবারে সারপ্রাইজ ছিলো মিজান, মাহিদ আর দিদারের জন্য। মুন্সীগঞ্জ থেকে ফেরার পথে হঠাৎ জুবায়ের বলে উঠলো, "দাদা চলেন যাই"। মুখে বললাম, "দেখি চিন্তা করে"। যদিও মন বলছিলো, "চল ঘুইরা আসি"। অল্প কিছু পরেই সংগীতাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম, “বাসায় আসছিনা। টাঙ্গুয়ার হাওর যাচ্ছি।”

আসলে প্রতি বছরই আমার ঘুরে বেড়ানোর বিরতির সময় বেড়ে এখন এমন পর্যায়ে গেছে যে, প্রায় পাগল হবার উপক্রম। অনেকের কাছে যা-তা মনে হলে হতেও পারে, কিন্তু আমার সকল ক্লান্তি আর ভীমরতির এক অভেদ্য ওষুধ ঘুরে বেড়ানো। গত দু'বছর অনেক চরাই উৎরাই গেছে। এখনো ধকল কাটেনি। তাই মন উচাটন ছিলো যেকোন দিকে যাবার জন্য। ততোক্ষণে মনে হচ্ছিলো জুবায়ের নিশ্চিত হয়ে গেছে আমি যাবো। বেশি দেরি না করে জুবায়েরকে জানিয়ে দিলাম। ব্যস, চব্বিশ ঘন্টায় দীর্ঘ প্রায় সাড়ে চারশো কিলোমিটারের এক ঝটিকা সফর সেরে রাত প্রায় ২ টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম দুজন। ঢাকা থেকে হাওর এক্সপ্রেস ট্রেনে মাহিদ ১০ জনের টিম নিয়ে আসছিলো মোহনগঞ্জের উদ্দেশ্যে। আমাদের টার্গেট একই ট্রেনে উঠে পড়া। স্টেশনে আমাদের জন্য অপেক্ষায় ছিলো মিজান আর দিদার। দিদার ভেবেছিলো আমি সি অফ করতে আসছি ওদেরকে। দ্বিধা নিয়ে মিজান মোটামুটি অবাক। জুবায়ের তাজমহলের মোড়ে বসাকের দোকান থেকে দুটো লুচি আর সব্জি নিয়েছিলো নাস্তা করার জন্য। ট্রেনে ওঠার আগে সেগুলো খেয়ে প্লাটফর্মের দিকে ছুটে গেলাম। দিদার তখন বুঝতে পেরেছিলো আমি যাচ্ছি। এদিকে প্লাটফর্মে আমাকে দেখে মাহিদ মনে হলো বিরাট টাসকি খেয়েছে। সেখান থেকেই যাত্রা শুরু। মাহিদ এর এলাকার বন্ধু, ছোট ভাইয়েরা ছিলো ট্যুর মেম্বার হিসেবে। 

মোহনগঞ্জ স্টেশনে ভোররাতে ট্রেন থেকে নেমে দুটো অটোতে করে রওনা দিই মধ্যনগরের উদ্দেশ্যে। অটোতেই অল্প পরিচয় হয় সব ট্যুর মেম্বারদের সাথে। বাদশাগঞ্জ বাজারে এসে ছোট্ট একটা হোটেলে ডিম খিচুড়ি দিয়ে নাস্তা সেরে আবার রওনা হই মধ্যনগরের দিকে। সেখানে আমাদের জন্য অপেক্ষায় থাকা হাউজ বোটে উঠে যার যার রুম নিয়ে ব্যাগ বোঁচকা গুছিয়ে রাখি। এরপর মধ্যনগর বাজারে নামি বাজারের জন্য। সেখান থেকে গ্রুপ করে সবাই মিলে দুদিনের বাজার হিসেবে হাওরের ছোট-বড় মাছ, হাঁস, চাল, ডাল, তেল সহ সবকিছু কিনে ১০ টা নাগাদ বোট ছেড়ে দিই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে।

যেতে যেতে পুরনো বহুদিনের চেনা পথ আবার নতুন করে উপভোগ করতে করতে ক্লান্ত চোখ বুঁজে আসে। ঘুম ভাঙার পর আর শরীরে ওয়াচ টাওয়ারে যাওয়ার মতো শক্তি পাইনা। বাকীরা প্রচন্ড ঝাঁপাঝাপি করে ক্লান্ত হয়ে বোটে ফেরে। এর মধ্যে দুপুরের খাওয়া রেডি হয়ে যায়। দুপুরের খাবার খেতে খেতে আবার বোট ছেড়ে যায় ট্যাকেরঘাটের দিকে। দূর থেকে মেঘালয়ের নয়নাভিরাম পাহাড় দেখতে দেখতে বিকেল নাগাদ আমাদের বোট নোঙ্গর করে ট্যাকেরঘাটে।

এবার বোট থেকে নেমে সবাই যার যার মতো চারদিকে ঘুরে বেড়ায়, কেনাকাটা করে আর সন্ধ্যায় ফিরে আসে বোটে।

সেদিন পূব আকাশে পূর্ণিমার দ্বিতীয় অথবা তৃতীয় দিনের চাঁদ ছিলো। অসম্ভব রকম চাঁদের ওপর দিয়ে ভেসে যাচ্ছিলো থোকা থোকা মেঘ। নীলাদ্রী লেকের পাড়ে সবুজ টিলায় বসে সে সৌন্দর্য দেখার অনুভূতি লিখে বোঝানো যাবেনা। একপাশে ভারতীয় সীমান্তের সারিবদ্ধ সিকিউরিটি লাইটের উজ্জ্বল আলো, অন্যপাশে ট্যাকেরঘাটে নোঙ্গর করা কয়েকশো ভিন্ন রকম হাউজবোটের আলোকসজ্জা। এতো আলোকসজ্জার মাঝে বোটগুলোতে চলছিলো গান-বাজনার আয়োজন। সবাই যার যার মতো করে খালি গলায়, ইউকুলেলে, গিটার, দোতরা, খঞ্জনি আর নানান বাদ্য বাজনায় সুর তুলছিলো। এই দুইয়ের বিপরীতে, মানে ঠিক হাওরের দিকে তখন পশ্চিম আকাশের এক কোণে বিজলী চমকাচ্ছিলো। আর এর উপরেই আকাশে নকশা করে ছড়িয়ে ছিলো হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ জ্বলজ্বলে তারা।

মধ্য রাতে ট্যাকেরঘাট শহীদ মিনারের পাশে বাতাস খেতে খেতে হুট করে বৃষ্টি নামার যে ব্যাপারটা, কেমন লাগতে পারে অনুভব করেন।

রাত কাঁটিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে বোট ছেড়ে যায় শিমুল বাগানের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখা রাকিব নামের ক্লাস ফাইভ পড়ুয়া এক ফটোগ্রাফারের সাথে। প্রথম দেখাতেই আমাকে বললো, “তুমি ছবি তুলতে পারোনা”। আমিও দেরি না করে ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে ছবি তোলার ব্যস্ততা ঝেড়ে নিলাম। আর মুগ্ধ হয়ে ওর ছবি তোলার স্টাইল, ক্যামেরার ফিচারের ব্যবহার দেখলাম। শেষমেশ, আমার ছবি তুলতে বললাম আমার চাহিদামতো। বেচারা বারে বারে ফ্রেম আর সাব্জেক্টের মিল করতে করতে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়, আমি আবার ওকে একই কাজ করাই। অবশেষে ভালো ছবি উঠলে সে খুশি হয়। তখন বলে, “ভাই, অনেক ভাল্লাগছে তোমার সাথে”।

এরপর সকালের নাস্তা করতে করতে আবার নৌকা ভাসিয়ে দেয় সুন্দরী জাদুকাটার দিকে। আমি যতোবার এখানে যাই, ততোবারই জাদুকাটা আলাদা রুপ দেখায়। এই রুপে পাগল না হয়ে উপায় নেই। জাদুকাটার কোলে স্নান সেরে সবাই আবার ফেরে হাউজবোটে।

বোট চালাচ্ছিলো সদ্য মেট্রিক পরীক্ষা দেয়া জুনায়েদ, সাথে ছিলো মূল চালক আলম ভাই। বোটে সবার রান্নার দায়িত্ব ছিলো জাহাঙ্গীর ভাইয়ের। সেই বেলা খাবারের সময় জিজ্ঞেস করছিলাম, “রান্না আগে শিখছেন, নাকি নৌকা চালানো?” হেসে উত্তর দিলেন, “নৌকা চালানো”। 

আপনি হয়তো জানেন অথবা জানেন না, টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন, পদ্মা সাফারীতে যে বাবুর্চিরা রান্না করেন তারা সবাই পুরুষ এবং তাদের প্রথম কাজ নৌকা চালানো।

সোনালী বিকেল দেখতে দেখতে খুবই চমৎকার সব সদ্য পরিচিত মুখের সাথে অল্প-বিস্তর গল্প, আড্ডা আর ঘুরে বেড়িয়ে এক রাত পর সন্ধ্যার দিকে ফিরে এলাম মধ্যনগর। মাহিদ ও তার টিমকে মোহনগঞ্জ স্টেশনে বিদায় দিয়ে অটো, সিএনজিতে করে আমি, মিজান, জুবায়ের আর দিদার ফিরে এলাম ময়মনসিংহে।

মজার ব্যাপার হলো ১৪ জনের টিমে আমি মুরুব্বী। হাহ হাহ হাহ…

এখন কোথাও ট্যুরে গেলে আগের মতো ছবি তোলা হয়না। বোটে অল্প স্বল্প ছবি তুলেছি। এখানে পোষ্ট করা ছবিগুলো সবাই সবারটা তুলেছে।

ছবির এলবাম এখানে

কষ্ট করে যদি পড়ে থাকেন, তবে কৃতজ্ঞতা জানবেন।

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.