রাজা গেছে, রাজত্ব গেছে, জমিদারি প্রথার সূর্য ডুবে গেছে বহু আগেই তবুও এক অদ্ভুত মায়ায় প্রাচীন এই বটবৃক্ষকে আঁকড়ে বেঁচে আছেন শেষ উত্তরসূরি জমিদার 'মানব বাবু' (মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী)।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে অবস্থিত গাঙ্গাটিয়া জমিদার বাড়ি (স্থানীয়ভাবে যা মানব বাবুর বাড়ি নামে সমধিক পরিচিত) ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। বাংলাদেশের বিলুপ্ত জমিদারি সংস্কৃতির মাঝে এটি অত্যন্ত ব্যতিক্রমী একটি জায়গা, কারণ এই বংশের শেষ বংশধর এখনও এখানে বাস করছেন।
অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ব্রাহ্মণ বংশীয় পণ্ডিত পরিবারের উত্তরসূরি দীননাথ চক্রবর্তী হোসেনশাহী পরগনার একাংশ ক্রয় করে এই জমিদারির গোড়াপত্তন করেন। পরবর্তীতে তাঁর পুত্র অতুলচন্দ্র চক্রবর্তী আঠারবাড়ির জমিদার পরিবারের থেকে আরও অংশ কিনে জমিদারি সম্প্রসারণ করেন।
ইতিহাস মতে, কান্যকুব্জ (ভারত) থেকে আগত ব্রাহ্মণ পরিবারটি বহুকাল আগেই এ অঞ্চলে বসতি গড়েছিল। ব্রিটিশ শাসনামলে তাঁদের জমিদারি প্রথা গড়ে ওঠে।
মহান মুক্তিযুদ্ধের সময় এই জমিদার বাড়িটিতে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও প্রশিক্ষণ দেয়া হতো। এর খবর পেয়ে পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় সহযোগীরা এখানে নৃশংস হামলা চালায়। সেই কালরাতে তৎকালীন জমিদার এবং মানব বাবুর পিতা ভূপতিনাথ চক্রবর্তীসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে হত্যা করা হয় এবং বাড়িটিতে লুটপাট চালানো হয়। পরবর্তীতে পরিবারের অনেকে দেশ ত্যাগ করলেও মানব বাবু নিজের পূর্বপুরুষের ভিটে আঁকড়ে এখানেই থেকে যান। প্রাঙ্গণে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধও রয়েছে।
কিশোরগঞ্জ সদর থেকে ৬/৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি সকলের ঘুরে দেখার জন্য উন্মুক্ত রেখেছেন জমিদার বাবু।
দেশের যেকোনো প্রান্ত থেকে কিশোরগঞ্জ আসুন। সেখান থেকে অটো, সিএনজিতে করে অল্প দূরত্বের এই জায়গাটিতে পৌঁছে যেতে পারেন অনায়াসেই।
জমিদারবাড়ির ছবি দেখুন এখানে