Posts

নিউজ

২০ বছর পরে প্রকাশিত হচ্ছে 'দ্য টাইম ট্রাভেলার্স ওয়াইফ' এর সিক্যুয়েল

January 31, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
25
View

মার্কিন লেখক অড্রে নিফেনেগার তার পাঠকদের ‘দ্য টাইম ট্রাভেলার্স ওয়াইফ’ এর জগতে আবার ফিরিয়ে আনতে যাচ্ছেন। উপন্যাসটি প্রকাশের ২০ বছরেরও বেশি সময় পর তিনি দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েলটি শেষ করেছেন। ৩০ জানুয়ারি প্রকাশনা সংস্থা হারপার কলিন্সের ইমপ্রিন্ট হ্যানোভার স্কয়ার প্রেস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।      

‘লাইফ আউট অব অর্ডার’ নামের উপন্যাসটি চলতি বছরের ২৭ অক্টোবর প্রকাশিত হবে। এবারের বইয়ের কেন্দ্রীয় চরিত্রে আছেন বেহালাবাদক অ্যালবা ডিট্যাম্বল। তিনি টাইম ট্রাভেলার হেনরি ডিট্যাম্বলের মেয়ে। তিনিও তার বাবার মত ‘ক্রোনো-ডিসপ্লেসমেন্ট ডিসঅর্ডার’ নামক জিনগত রোগে আক্রান্ত। এই রোগের কারণে হেনরি ডিট্যাম্বল অনিচ্ছাকৃতভাবে বর্তমান থেকে বের হয়ে অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করতেন।        

প্রসঙ্গত, ‘দ্য টাইম ট্রাভেলার্স ওয়াইফ’ উপন্যাসে অড্রে নিফেনেগার ক্রোনো-ডিসপ্লেসমেন্ট ডিসঅর্ডার নামের এক কাল্পনিক জিনগত রোগের কথা উল্লেখ করেছেন। এতে আক্রান্ত মানুষ অনিচ্ছাকৃতভাবে সময়ের বিভিন্ন বিন্দুতে (অতীত বা ভবিষ্যতে) ভ্রমণ করেন। তিনি কখন বা কোথায় যাবেন তার ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। বাস্তবে এ ধরনের রোগের কোনো অস্তিত্ব নেই।     

এদিকে অড্রে নিফেনেগার এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যালবা ডিট্যাম্বলের কাহিনী নিয়ে দ্য টাইম ট্রাভেলার্স ওয়াইফের সিক্যুয়েল অনেক দিন ধরেই লিখছেন। তিনি বলেছেন, ২০১২ সালে যখন আমি এই বইটি লেখা শুরু করেছিলাম তার (অ্যালবা) ডিস্টোপিয়ান জগৎ আমার থেকে অনেক দূরে মনে হয়েছিল। তবে করোনা মহামারীর সময় সামাজিক অস্থিরতার মধ্যে আমি যখন বইটি লিখেছিলাম, তখন আমাদের দুই জনের জগৎ একীভূত হয়ে গিয়েছিল।   

৬২ বছর বয়সী এই লেখক আরও বলেছেন, 'লাইফ আউট অব অর্ডার' এমন একটি বই যা এতদিন আমার সকল মনোযোগের কেন্দ্রে ছিল। এতদিন আমি এই বইতে বাস করতাম। তবে অবশেষে পাঠকদের কাছে এটি উপহার দিতে পেরে আমি খুশি।  

উল্লেখ্য,  ‘দ্য টাইম ট্রাভেলার্স ওয়াইফ’ ২০০৩ সালে প্রকাশিত হয়। এটি নিফেনেগারের প্রথম উপন্যাস ছিল। বেস্টসেলিং এ বইটি লাখ লাখ কপি বিক্রি হয়েছে। এই উপন্যাস অবলম্বনে একই নামের একটি সিনেমাও বানানো হয়। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন র‍্যাচেল ম্যাকঅ্যাডামস এবং এরিক বানা। পরে ২০২২ সালে এই বই নিয়ে টিভি সিরিজও নির্মিত হয়, যা এইচবিওতে প্রচারিত হয়েছিল। নিফেনেগারের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘হার ফিয়ারফুল সিমেট্রি’ এবং ‘রেভেন গার্ল’। 

সূত্র: এপি 

Comments

    Please login to post comment. Login