Poetry

ভবন যায় ভবনের কাছে

April 13, 2026

194 views

ফুতপাত হাঁটে মরচে পরা দুপুরে-
খেয়ালের বিস্ফোরণে,
যাবতীয় ভবনসমগ্র গোপনীয় ফাটল নিয়ে

জড়ো হয় রমনা-সোহরাওয়ার্দীর শিকল পরা গায়ে।

থ্রি স্টোরিড, ফৌর স্টোরিড পার্কিং নিয়ে
ভবন যায় সবুজের কাছে, বাদামীর পায়ে...
অযথার পাহাড় নিয়ে অহেতুক অসুখ নিয়ে
সমুদ্র খুঁজতে থাকে ছিপছিপে বিরান ধরে।

কিছু তৃণ, কিছু কুঁড়ের তুকতাক মন্ত্র সাধনে
গহীনে কোথাও খুব জলের সন্ধানে থাকে।
থই থই বাজে জল নিশুত নীরব রাতে, 
তবু যার উতসমুখের হদিস পাওয়া দায়।

বাটি চালান, কড়ি পড়া দিতে
ভবন যায় ভবন পীরের কাছে, 
থই থই শব্দ শোনে ভবন ভবনে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login