ফেলুদা চরিত্রে সৌমিত্র চ্যাটার্জি, শশী কাপুর, সব্যসাচী চক্রবর্তী, আবির চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী অভিনয় করেছেন। এই তালিকায় আরও বড় একটি নাম যুক্ত হওয়ার কথা ছিল। অনেকেই হয়তো জানেন না, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে ফেলুদা চরিত্রের জন্য চেয়েছিলেন সত্যজিৎ রায়। সেটা সম্ভব হলে উপরের তালিকায় কিংবদন্তি এই নায়কের নামও থাকত।
সত্যজিৎ এর ছেলে সন্দ্বীপ রায় এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ফেলুদাকে নিয়ে হিন্দিতে একটি টিভি সিরিজ বানানোর পরিকল্পনা করা হয়েছিল। জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রের জন্য অমিতাভ বচ্চনের কথা ভেবেছিলেন তার বাবা।
তিনি বলেছেন, দূরদর্শনের জন্য ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ উপন্যাস অবলম্বনে একটি টিভি সিরিজ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। হিন্দিতে এটির নাম রাখা হয়েছিল ‘কিসসা কাঠমাণ্ডু মে’। ফেলুদা চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে আমরা অমিতাভ বচ্চনকেই চেয়েছিলাম।
স্মৃতিচারণ করে তিনি বলেছেন, সেটি ছিল আশির দশকের মাঝামাঝি সময়ের ঘটনা। বাবা সত্যিই চেয়েছিলেন অমিতাভ বচ্চন যেন ফেলুদার চরিত্রটা করেন। এই ব্যাপারে তার সঙ্গে আমাদের কথাও হয়েছিল। দীর্ঘ সময়ের জন্য তাকে আমাদের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে, তিনি সে সময় খুব ব্যস্ত ছিলেন।
পরে ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডেরই আরেক সুপারস্টার শশী কাপুর। অবশ্য সত্যজিৎ রায়ের মাস্টারপিস ‘শতরঞ্জ কে খিলাড়ি’ সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। ১৯৭৭ সালে মুক্তি পাওয়া ওই ছবিতে ব্যাকগ্রাউন্ড কন্ঠ বা বর্ণনাকারীর ভূমিকায় ছিলেন বিগ বি।
এদিকে অমিতাভ বচ্চনও সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী ছিলেন। কিংবদন্তির এই পরিচালকের সঙ্গে বচ্চন পরিবারের ঘনিষ্ঠতাও ছিল। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন সত্যজিৎ এর ‘মহানগর’ (১৯৬৩) সিনেমায় অভিনয় করেছিলেন।
উল্লেখ্য, মিনি টিভি সিরিজ ‘কিসসা কাঠমাণ্ডু মে’ পরিচালনা করেছিলেন সন্দ্বীপ রায়। অসুস্থ থাকার কারণে সত্যজিৎ রায় এটি পরিচালনা করতে পারেননি। সিরিজটি ১৯৮৬-৮৭ সালে ভারতের জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়েছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া