Posts

নিউজ

অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ জিতেছেন মারিয়া রেভা

April 28, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
26
View

ইউক্রেনীয় বংশোদ্ভূত কানাডিয়ান লেখক মারিয়া রেভা ২০২৬ সালের অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ জিতেছেন। সম্প্রতি তিনি ‘এন্ডলিং’ উপন্যাসের জন্য মর্যাদাবান এই মার্কিন সাহিত্য পুরস্কারটি পান।  

গত বছরের জুন মাসে মার্কিন প্রকাশনা সংস্থা ডাবলডে থেকে ‘এন্ডলিং’ প্রকাশিত হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসটির কাহিনী দুই বোনকে কেন্দ্র করে, যারা তাদের নিখোঁজ অ্যাক্টিভিস্ট মায়ের খোঁজে বের হয়। পথে তারা এক বিজ্ঞানীর দেখা পায়, যিনি এক বিরল প্রজাতির শামুক সংরক্ষণে দৃঢ়প্রতিজ্ঞ। 

বুকার প্রাইজের দীর্ঘ তালিকায় জায়গা পাওয়া এই বইটির পর্যালোচনা করে একজন সমালোচক বলেছেন, ‘এটি একটি উল্লেখযোগ্য সাহিত্যিক কীর্তি এবং সেই সাথে একটি ভালো গল্প, যা নিঃসন্দেহে ব্যাপকভাবে আলোচিত ও সমাদৃত হবে।’ 

অ্যাস্পেন ওয়ার্ডস প্রাইজের বিচারক কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘এন্ডলিং হলো নানা ধরনের বিলুপ্তির বিরুদ্ধে মানুষের লড়াই নিয়ে লেখা একটি দুঃসাহসিক উপন্যাস। এটি হয়ে ওঠে নিজেদের, নিজেদের পরিবার এবং নিজেদের দেশকে বাঁচানোর জন্য নারীদের প্রাণপণ চেষ্টার একটি গল্প।’  

মারিয়া রেভা ১৯৮৯ সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেন এবং ৭ বছর বয়স পর্যন্ত খেরসনে বসবাস করেন। ১৯৯৭ সালে রেভা তার পরিবারের সঙ্গে কানাডায় চলে যান এবং ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে বড় হন। তিনি টেক্সাস ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার প্রথম গল্প সংকলন 'গুড সিটিজেনস নিড নট ফিয়ার'। বইটি সোভিয়েত যুগের ইউক্রেনের পারিবারিক জীবনের নানা গল্পের উপর ভিত্তি করে রচিত।       

উল্লেখ্য, ২০১৮ সালে চালু হওয়া অ্যাস্পেন ওয়ার্ডস লিটারারি প্রাইজ মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটি। এই পুরস্কার বিশ্বের যে কোনো জাতির লেখকদের জন্য উন্মুক্ত। সহিংসতা, অসমতা, লিঙ্গ, পরিবেশ, অভিবাসন, ধর্ম, জাতি ও অন্যান্য সামাজিক সমস্যাকে কেন্দ্র করে লেখা উপন্যাস বা ছোটগল্পের সংকলন এই পুরস্কারের জন্য বিবেচিত হয়। বিজয়ী লেখক পান ৩৫ হাজার মার্কিন ডলার।   

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login