গাজা যুদ্ধ নিয়ে বর্তমানে একটি বই লিখছেন শিক্ষাবিদ ও লেখক মাহমুদ মামদানি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য দিয়েছেন।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির এই অধ্যাপক তার পরবর্তী বই নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, 'ইসরায়েল, ফিলিস্তিন এবং গাজা যুদ্ধের বিরুদ্ধে ২০২৪ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত বিক্ষোভকে কেন্দ্র করে আমি এখন একটি নতুন বই লিখছি। বইটিতে এই যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট তীব্র ক্যাম্পাস আন্দোলন তুলে ধরা হবে।'
এই বইটি মামদানির ২০২০ সালে প্রকাশিত ‘নেইদার সেটলার নর নেটিভ’ এর ধারাবাহিকতায় লেখা হবে। নতুন বইয়ে তিনি যুক্তি দিতে বলতে চান, মানব সমাজ পরিযায়ী এবং এর মাধ্যমে তিনি স্থায়ী স্বদেশভূমির ধারণাকে একটি 'কাল্পনিক বিষয়' হিসেবে চ্যালেঞ্জ করেন। বইটি আনুমানিক দুই বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে এটির নাম এখনও ঠিক করা হয়নি।
উল্লেখ্য, মাহমুদ মামদানি উগান্ডার নৃবিজ্ঞানী, শিক্ষাবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার। তাকে আফ্রিকার অন্যতম শীর্ষস্থানীয় রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়। তিনি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির বাবা। ৮০ বছর বয়সী এই লেখক ফিলিস্তিনি অধিকারের একজন সোচ্চার সমর্থক এবং যুদ্ধের সমালোচক। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, 'গুড মুসলিম, ব্যাড মুসলিম', 'হোয়েন ভিকটিম বিকামস কিলার', 'সেভিয়রস অ্যান্ড সার্ভাইবারস', 'ইম্পেরিয়ালিজম অ্যান্ড ফ্যাসিজম ইন উগান্ডা'।