Posts

নন ফিকশন

এটা আমাদেরই গল্প

April 30, 2026

সাজিদ রহমান

21
View

ইউটিউবে আসার ৭/৮ ঘণ্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ। শুরুতে জানতে পেরে অবাক লেগেছে।

বাসায় জিজ্ঞেস করি, ওরা দেখে নাকি?

জানতে পারলাম, ওরা শুরু থেকেই দেখে।

আমিও দেখা শুরু করলাম। ততদিনে ৯ কি ১০ পর্ব হয়ে গেছে। বললাম, যেদিন নতুন পর্ব আসে, রাতে এক সাথে দেখবো। না, সেটা আর হয়ে ওঠেনা। ইউটিউবে আসার পর পরই দেখে ফেলে। বাচ্চাদের মা নাটক দেখে। সেই উছিলায় মেয়েও দেখে। কিন্তু এটা আমাদের গল্পের বেলায় উল্টা ঘটনা। মেয়ে নিজ আগ্রহে এটা দেখছে। বুঝলাম মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এর এই নির্মান সবাইকে ছুঁয়ে গেছে।

ছোটবেলায় নাটক অনেক নাটক দেখতাম। নাটকে ভালো মানুষগুলোর নাম থাকতো আগুন, পাখি, নদী, সাগর, বৃষ্টি, ইত্যাদি ইত্যাদি। আর খারাপ চরিত্র মানেই ইজ্জত আলী তালুকদার, নওশের আলী পাটোওয়ারী, আবদুল বাতেন খসরু প্রভৃতি। বাংলা সিনেমাতেও একই দশা। সমাজের সবচেয়ে খারাপ মানুষ মানেই মুখে দাঁড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। অন্যদিকে ভালো মানুষরা প্যান্ট পরে। ওরা দাড়ি টুপি পাঞ্জাবি থেকে মুক্ত। এই দুই বিপরীতকে ব্যাল্যান্সের জন্য একতারা হাতে বেঢপ পোশাকের বাউল টাইপ একজনকে হাজির করা হত। তাঁর মুখনিসৃত বাণী দৈব বাণীর মত শোনাত।

হুমায়ুন আহমেদকে সেই ধারা থেকে বের হতে দেখা যায়। আজ রবিবার, অয়োময়, নক্ষত্রের রাত এ একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিতে দেখা যায়। কখনও সখনও বাড়ির মুরুব্বিকে নামাজ শেষে সালাম ফেরানোর দৃশ্য সংযুক্ত হতে থাকে। একজন হুমায়ুন আহমেদ বলেই বেঁচে গেছেন, অন্য কেউ হলে তাঁর পিণ্ডি চটকায়ে বে অফ বেঙ্গলে পাঠিয়ে দিত।

এটা আমাদেরই গল্প এ আসি। আজ সকালে ৪৯তম পর্ব দেখলাম।

এই পর্বে পরিবারের মুরুব্বি মারা গেলেন। পরিচালক এই দৃশ্য এতটাই আবেগময় করে তুলেছেন, অজান্তে আমার চোখের কোনেও জল এসে জমলো। এই নাটকের প্রধান চরিত্র পরিবার। বাকি সবাই পার্শ্বচরিত্র।

উন্নত দেশে একান্নবর্তী পরিবারে ভেঙ্গে গেছে অনেক আগে। আমরাও উন্নত হতে চাই। সেজন্য কি না জানি না, আমাদের বৃহৎ পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে। এর পিছনে অনেক কারণ আছে। সাথে মিডিয়ায় প্রদর্শিত কন্টেন্টের দায়ও কম নয়।

এটা আমাদেরই গল্প এখানেই ব্যতিক্রম। এই নাটক দেখলে পারিবারিক সম্পর্কগুলোর প্রতি মায়া তৈরি হবে। একবার হলেও মনে হবে, আহা সবাই মিলে যদি সুখে থাকতে পারতাম। সাধারণ পরিবারের মানুষ একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দিচ্ছে, ৭ জনের পরিবার হলে অন্তত দুয়েক জন নামজ পড়ছে, বিপদে আপদে আল্লাহর নাম নিচ্ছে... এরকম দৃশ্যগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন নি। বরং প্রমোট করেছেন। এই নাটক কোটি হৃদয়কে ছুঁয়ে গেছে। দেশের কোটি পরিবারের গল্প হয়ে উঠেছে।

নির্মাতাকে অসংখ্য ধন্যবাদ। দেশে এরকম অনেক অনেক কন্টেন্ট নির্মিত হোক।

Comments

    Please login to post comment. Login