২০২৬ সালের এডগার অ্যালান পো অ্যাওয়ার্ড (দ্য এডগারস) বিজয়ীদের নাম প্রকাশ করেছে রহস্য এবং অপরাধবিষয়ক লেখকদের সংগঠন ‘দ্য মিস্ট্রি রাইটারস অব আমেরিকা’। বুধবার (২৯ এপ্রিল) নিউইয়র্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর সেরা উপন্যাস বিভাগে এই পুরস্কার পেয়েছেন মার্কিন লেখক রবার্ট ক্রেইস।
‘দ্য বিগ এম্পটি’ উপন্যাসের জন্য মর্যাদাবান এই পুরস্কার পান ক্রেইস। ২০২৫ সালে প্রকাশিত উপন্যাসটি লেখকের ২০তম বই, যার প্রধান চরিত্র লস অ্যাঞ্জেলেসের গোয়েন্দা এলভিস কোল ও জো পাইক। সমালোচকরা এই বইটিকে ৭২ বছর বয়সী এ লেখকের একটি শক্তিশালী ও বিস্ময়কর উপন্যাস বলে অভিহিত করেছেন। তিনি এর আগেও দুবার এডগার অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন।
এদিকে আমেরিকান লেখকের লেখা সেরা প্রথম উপন্যাসের পুরস্কারটি পেয়েছেন জ্যাকব কের তার ‘ডেড মানি’ উপন্যাসের জন্য, অপরদিকে ভিকি ওয়েকফিল্ড ‘দ্য ব্যাকওয়াটার’ উপন্যাসের জন্য বেস্ট পেপারব্যাক অরিজিনাল প্রাইজ পান।
উল্লেখ্য, মার্কিন রহস্য গল্পের লেখক এডগার অ্যালান পো এর নামে ১৯৪৬ সাল থেকে এডগার অ্যাওয়ার্ড চালু করা হয়। রহস্যবিষয়ক সেরা ফিকশন, ননফিকশন এবং টিভি সিরিজের জন্য প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। রহস্য সাহিত্যের জন্য মর্যাদাপূর্ণ যে কয়টি পুরস্কার আছে তার মধ্যে এটি একটি।
সূত্র: কিরকাস