২০২৬ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন (আইপিএএফ) অ্যাওয়ার্ড জিতেছেন আলজেরিয়ান উপন্যাসিক সাঈদ খাতিবি। ‘সুইমিং এগেইনস্ট দ্য টাইড’ উপন্যাসের জন্য আরব বিশ্বের মর্যাদাবান এই সাহিত্য পুরস্কার পান তিনি। এটিকে আরবি বুকার পুরস্কারও বলা হয়।
পুরস্কার হিসেবে ৪১ বছর বয়সী এই লেখক পেয়েছেন ৫০ হাজার ডলার। পুরস্কারজয়ী বইটি ইংরেজিতে অনুবাদের জন্য অর্থও পাবেন তিনি। খাতিবি, আইপিএএফ অ্যাওয়ার্ড বিজয়ী দ্বিতীয় আলজেরীয় লেখক; এর আগে ২০২০ সালে ‘দ্য স্পার্টান কোর্ট’ এর জন্য আবদেলওয়াহাব আইসাওয়ি এ পুরস্কার জিতেছিলেন।
‘সুইমিং এগেইনস্ট দ্য টাইড’ উপন্যাসটি ১৯৯০ এর দশকের বুসাদা নামের আলজেরিয়ার একটি শহরের প্রেক্ষাপটে লেখা। কাহিনীর শুরুতেই দেখা যায়, আকিলা তোমি নামের একজন সম্মানিত চক্ষু বিশেষজ্ঞের বিরুদ্ধে তার স্বামী, ফরেনসিক প্যাথলজিস্ট মাখলুফ তোমিকে বিষপ্রয়োগের অভিযোগ আনা হয়েছে। আকিলাকে জিজ্ঞাসাবাদের সাথে সাথে উপন্যাসটি একটি ঐতিহাসিক অনুসন্ধানে রূপ নেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও ১৯৯০ এর দশকের শুরু পর্যন্ত আলজেরিয়ার অর্ধ শতাব্দীর ইতিহাসকে তুলে ধরে।
এদিকে এক ভিডিও বার্তায় খাতিবি, উপন্যাসটির মানবিক উদ্দেশ্য এবং তার লেখার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, এটি নারীদের নিয়ে লেখা একটি উপন্যাস। আমার কাছে আখ্যানের কেন্দ্রবিন্দু কিংবা লেখার কেন্দ্রবিন্দু বা গল্প বলার কেন্দ্রবিন্দু—একজন নারীকে দিয়েই শুরু হয় এবং একজন নারীকে দিয়েই শেষ হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালে বুসাদায় জন্মগ্রহণকারী সাঈদ খাতিবি একজন উপন্যাসিক ও সাংবাদিক। তিনি আলজেরিয়া ও ফ্রান্সে পড়াশোনা করেছেন। তার ‘ফর্টি ইয়ার্স ওয়েটিং ফর ইসাবেল’ উপন্যাসটি ২০১৭ সালে কাতারা প্রাইজ জিতেছিল। এছাড়া ‘দ্য এন্ড অব দ্য ডেজার্ট’ ২০২৩ সালে তরুণ লেখক বিভাগে শেখ জায়েদ বুক অ্যাওয়ার্ড পায়।
সূত্র: দ্য ন্যাশনাল