পাঠকরা নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং রচিত এবং ডেবোরা স্মিথ অনূদিত ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসটিকে তাদের প্রিয় ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বিজয়ী বই হিসেবে নির্বাচিত করেছেন। বুকার প্রাইজ ফাউন্ডেশন পরিচালিত সাম্প্রতিক এক জরিপ থেকে এই তথ্য পাওয়া গেছে।
চলতি বছরের শুরুর দিকে বুকার প্রাইজ ফাউন্ডেশন বর্তমান ফরম্যাটের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের এক দশক পূর্তি উদযাপন করেছে। এই উপলক্ষে সংস্থাটি পাঠকদের তাদের প্রিয় ইন্টারন্যাশনাল বুকারজয়ী বই বেছে নেওয়ার জন্য একটি জরিপ পরিচালনা করেছিল। এতে প্রদত্ত প্রায় ১০ হাজার ভোটের এক-তৃতীয়াংশ পেয়েছিল ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসটি।
২০১৬ সালে 'দ্য ভেজিটেরিয়ান' উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পান হান কাং। বিশ্ব সাহিত্যের মর্যাদাবান এই পুরস্কারটি জেতার পর থেকেই তিনি বিশ্বজুড়ে পাঠকদের পছন্দের তালিকার শীর্ষে উঠে আসেন। এরপর ২০২৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন।
দ্য ভেজিটেরিয়ান' উপন্যাসটির কাহিনী ইয়ং-হাই নামের দক্ষিণ কোরীয় এক নারীকে কেন্দ্র করে, যিনি একটি দুঃস্বপ্ন দেখার পর মাংস খাওয়া বন্ধ করার সিদ্ধান্ত নেন; এই সিদ্ধান্তটি তার এবং তার পরিবারের জন্য অস্বস্তিকর পরিণতি বয়ে আনে। সমালোচকরা বইটিকে সাবলীলভাবে লিখিত একটি অসাধারণ ও সম্মোহনী উপন্যাস বলে উল্লেখ করেছেন।
উপন্যাসটি ছিল বর্তমান ফরম্যাটের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বিজয়ী প্রথম বই। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই পুরস্কারটি প্রতি দুই বছর অন্তর একজন লেখককে তার সামগ্রিক সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ দেওয়া হতো। তবে ২০১৬ সাল থেকে প্রতি বছর যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত এবং ইংরেজিতে অনূদিত বই এ পুরস্কারের জন্য বিবেচিত হয়। এক্ষেত্রে পুরস্কারের ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড (৬৭ হাজার ৫০০ ডলার) লেখক এবং অনুবাদক উভয়েই ভাগাভাগি করে নেন।